‘ধর্ষণের গোপন ভিডিও ছড়ানোর হুমকি দিয়ে অর্থ আদায়’, যুবক গ্রেপ্তার
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার যুবক তার বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করেছেন।
কুমিল্লায় এক তরুণীকে ধর্ষণের সময় ধারণ করা গোপন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে অর্থ আদায়ের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার বিকালে র্যাব-১১, সিপিপি-২ কুমিল্লার কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানান। এর আগে শনিবার গভীর রাতে নগরীর টমছম ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. জাহেদ হোসেন (৩৫) ফেনীর ছাগলনাইয়া উপজেলার বাঁশপাড়া গ্রামের প্রয়াত আবুল বশরের ছেলে।
র্যাবের ভাষ্য, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহেদ তার বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করেছেন।”
মেজর মোহাম্মদ সাকিব জানান, আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ২৬ বছর বয়সী এক তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে গত ১০ জানুয়ারি থেকে ২৫ জুলাই পর্যন্ত বিভিন্ন সময় কুমিল্লার বিভিন্ন আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ করেছেন তিনি। পরে ওই তরুণী বিয়ের জন্য চাপ দিলে জাহেদ টালবাহানা শুরু করেন। এক পর্যায়ে ধর্ষণের সময় গোপনে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে বিভিন্ন সময় ভিকটিমের কাছ থেকে টাকা আদায় করেন।
“এ ঘটনায় ভুক্তভোগী কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় মামলা করেছেন; গ্রেপ্তার জাহেদকে রোববার বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”
