২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে শিশুকে দলবেঁধে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার নারায়ণগঞ্জে

শিশুটিকে দল বেঁধে ধর্ষণের পর পিকআপ-ভ্যানের নিচে চাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়।

ফরিদপুরে শিশুকে দলবেঁধে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার নারায়ণগঞ্জে

প্রতীকী ছবি

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2022, 11:17 PM

Updated : 08 Sep 2022, 11:34 PM

ফরিদপুরে পঞ্চম শ্রেণির এক শিশুকে দল বেঁধে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার এক আসামিকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার বিকালে গোপন সংবাদে নারায়ণগঞ্জ বন্দর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে ফরিদপুর কোতোয়ালি থানার ওসি (তদন্ত) আবুল খায়ের জানান।

গ্রেপ্তার স্বাধীন শেখ (২৪) ফরিদপুর সদর উপজেলার চাঁদপুর ইউনিয়নের ধোপাডাঙ্গা গ্রামের বাসিন্দা।

মামলার নথির বরাতে ওসি জানান, গত ২২ অগাস্ট রাত সাড়ে ৯টার দিকে ফরিদপুর সদরের একটি বাজার থেকে চিকিৎসক দেখিয়ে বাড়ি ফিরছিল পঞ্চম শ্রেণি পড়ুয়া শিশুটি (১৩)। পথে স্বাধীনসহ আরও তিনি-চার তরুণ শিশুটিকে জোর করে একটি পিকআপ ভ্যানে তুলে পাশের গ্রামের একটি মেহগনি বাগানে নিয়ে যান। সেখানে তারা শিশুটিকে দল বেঁধে ধর্ষণের পর ভ্যানের নিচে চাপা দিয়ে হত্যার চেষ্টা করেন।

বিষয়টি জানাজানি হলে শিশুটির বাবা বাদী হয়ে গত ২৬ অগাস্ট ফরিদপুর কোতোয়ালি থানায় একটি মামলা করেন। মামলায় স্বাধীন শেখসহ চারজনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা একজনকে আসামি করা হয়।

ওসি (তদন্ত) আবুল খায়ের বলেন, “স্বাধীন শেখকে বৃহস্পতিবার দুপুরে পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে ফরিদপুরের এক নম্বর আমলি আদালতে তোলা হয়। আদালত রিমান্ডের শুনানির দিন পরে ধার্য করার সিদ্ধান্ত জানিয়ে আসামিকে কারাগারে পাঠিয়ে দেন।”

“ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটির শারীরিক পরীক্ষা হয়; আদালত তার জবানবন্দি নথিভুক্ত করেন”, বলেন পুলিশের এ কর্মকর্তা।