নারায়ণগঞ্জে সড়কে গেল দুই তরুণের প্রাণ
কাঁচপুর সেতুর পশ্চিম পাশের ঢাল দিয়ে নামার সময় একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।
নারায়ণগগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুই তরুণ মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
রোববার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয় বলে শিমরাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরফুদ্দিন জানান।
নিহতরা হলেন- সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকার আব্দুর রশিদ ভূঁইয়ার ছেলে আমির হামজা (১৮) ও একই এলাকার সেলিম রেজার ছেলে শ্রাবণ রেজা (১৮)।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ফাঁড়ির ইনচার্জ শরফুদ্দিন জানান, শনিবার রাত ১২টার দিকে ঢাকামুখী মোটরসাইকেলে ছিলেন ওই দুই তরুণ। কাঁচপুর সেতুর পশ্চিম পাশের ঢাল দিয়ে নামার সময় একই দিকে যাওয়া একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থাকা দুই তরুণ সড়কে ছিটকে পড়েন। আশপাশের লোকজন আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে তাদের মৃত্যু হয়।
হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি থানায় নিয়ে যায়। তবে কাভার্ডভ্যানটিকে পাওয়া যায়নি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানান কাঁচপুর হাইওয়ে থানার ওসি নবীর হোসেন।
