২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক সেতুর অভাবে বিপদে যশোরের ১৫ গ্রামের মানুষ

শার্শা উপজেলা প্রকৌশলী বলেন, খালের উপর ১০০ মিটার সেতু দ্রুতই নির্মাণ হবে।

এক সেতুর অভাবে বিপদে যশোরের ১৫ গ্রামের মানুষ

সরকার উদ্যোগ না নেওয়ায় শার্শার সাড়াতলা ও ঝিকরগাছার বেলতা গ্রামের বাসিন্দারা একটি বাঁশের সাঁকো নির্মাণ করেছিলেন।

আসাদুজ্জামান আসাদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2022, 10:44 AM

Updated : 05 Oct 2022, 10:44 AM

যশোরের শার্শার ডিহি ইউনিয়নের 'বেলতা খালের' উপর একটা সেতুর অভাবে দুই উপজেলার অন্তত ৩০ হাজার মানুষের যাতায়াতে চরম ভোগান্তির শিকার হচ্ছে। 

সরকার উদ্যোগ না নেওয়ায় শার্শার সাড়াতলা ও ঝিকরগাছার বেলতা গ্রামের বাসিন্দারা একটি বাঁশের সাঁকো নির্মাণ করেছিলেন। কিন্তু এখন সেটি জরাজীর্ণ হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে সাড়াতলা-বেলতা সড়ক ধরে চলাচলকারী আশপাশের অন্তত ১৫টি গ্রামের মানুষকে ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে।  

এলাকাবাসী বলছেন, সাঁকোটি ভেঙে চলাচলের অনুপোযোগী হওয়ায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। নারী, শিশু, বৃদ্ধ ও শিক্ষার্থীরা চলাচল করছে জীবনের ঝুঁকি নিয়ে। কৃষিপণ্য মাঠ থেকে আনা ও বাজারজাতকরণে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। অথচ সাড়াতলা-বেলতা সড়কের বেলতা খালের দুপাশে ৩০০ ফুট দূরত্বের মধ্যে রয়েছে গ্রামীণ অবকাঠামোর আওতায় নির্মিত পাকা সড়ক। 

স্থানীয় সমাজকর্মী নুর ইসলাম বলেন, কয়েক বছর আগে গ্রামবাসীর কাছ থেকে চাঁদা তুলে সাঁকোটি তৈরি করা হয়। ওই সাঁকো ব্যবহার করে পণ্ডিতপুর, সাড়াতলা, গোকার্ণ, দুর্গাপুর, চন্দ্রপুর, খলিসাখালী, পাকশিয়া, কাশিপুর, বাউন্ডারিসহ আশপাশের ১৫টি গ্রামের অন্তত ৩০ হাজার মানুষ যাতায়াত করে আসছিলেন। কয়েক মাস আগে এটি ভেঙে পড়ায় এলাকাবাসী চরম দুর্ভোগের মধ্যে পড়েছে। 

বেলতা গ্রামের কৃষক অহেদ আলী বলেন, “মাঠের ফসল বাড়ি নিযাতি খুব সেকোস্ত (দুর্ভোগ) হচ্ছে। দুই-তিন মাইল ঘুরে যাতি হয়, না হলি ভ্যালায় করি ফসল পার করতি হয়। এতে সুমায়, ফসল সবই খ্যায় হচ্ছে।“ 

কলেজ ছাত্র জাহিদ হাসান বলেন, “আগে বাড়ি থেকে কলেজে যেতে ২৫ মিনিট সময় লাগতো। কিন্তু সাঁকোটি ভেঙে যাওয়ার পর পথ বেড়েছে প্রায় পাঁচ কিলোমিটার। এখন কলেজ যেতে ৪০-৪৫ মিনিট বেশি সময় লাগে।” 

ডিহি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান মুকুল বলেন, “সেতু নির্মাণের সব কাগজপত্র উপজেলা প্রকৌশলীর কার্যালয় থেকে নিয়ে ঢাকা এলজিইডি দপ্তরে জমা দেওয়া হয়েছে। প্রকল্প পরিচালক দ্রুততম সময়ে কাজ শুরু হবে বলে আশ্বস্ত করেছেন।” 

শার্শা উপজেলা প্রকৌশলী এম এম মামুন হাসান বলেন, জনগুরুত্বপূর্ণ বেলতা খালে সেতু নির্মাণে ২০২০ সাল থেকেই প্রস্তাবনা পাঠানো হচ্ছে। এ পর্যন্ত তিনবার প্রস্তাব পাঠানো হয়েছে। খালের উপর ১০০ মিটার সেতু নির্মাণ দ্রুত বাস্তবায়নের আশা করেন তিনি। 

এ ব্যাপারে যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন বলেন, “সাঁকোটি ভেঙে যাওয়ার কথা শোনার পর পরই সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে কথা বলেছি। কাজটি যাতে অতি দ্রুত শুরু হয় সে ব্যাপারে সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে যোগাযোগ রক্ষা করা হচ্ছে।“