২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মা সেতু থেকে ঝাঁপ: সোয়া তিন মাস পর রিকশার দাবি নিয়ে থানায় তরুণ

এই দাবি যাচাই বাছাই চলছে জানিয়ে পুলিশ কর্মকর্তা বলেন, “তদন্ত শেষে বলা যাবে। রিকশাটি শরীফুলের হলে তাকে বুঝিয়ে দেওয়া হবে।”

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2024, 02:25 AM

Updated : 17 Mar 2024, 08:19 PM

নতুন মাসের প্রথম দিন পদ্মা সেতু উত্তর থানায় আসা এক ব্যক্তির দাবি শুনে হতবাক হয়ে গেছেন পুলিশ কর্মকর্তারা।

জুনের মাঝামাঝি সময়ে পদ্মা সেতুতে ব্যাটারিচালিত রিকশা নিয়ে উঠে পড়ার পর যে ব্যক্তি নদীতে লাফ দিয়ে ছিলেন, তিনিই সেই, এমন দাবি করে জব্দ করা রিকশাটি ফেরত নিতে এসেছেন এক তরুণ। সঙ্গে এসেছেন তার শ্বশুর।

পদ্মা সেতু উত্তর থানার ওসি আলমগীর হোসেন বলেন, রোববার সকালে শরীফুল নামে এক তরুণ এসে দাবি করেন, তিনিই গত ১৯ জুন রাতে পদ্মা সেতুতে রিকশা রেখে লাফ দিয়েছিলেন। এখন তিনি রিকশাটি চান।

এই দাবি যাচাই বাছাই চলছে জানিয়ে পুলিশ কর্মকর্তা বলেন, “তদন্ত শেষে বলা যাবে। রিকশাটি শরীফুলের হলে তাকে বুঝিয়ে দেওয়া হবে।”

শরীফুল জানান, তার বাড়ি বাগেরহাট জেলার মোল্লাহাটের উদয়পুর আড়ুয়াকান্দি গ্রামে। তার বাবার নাম জিন্নাত আলী। তবে তিনি থানায় আসেন তার শ্বশুর দাউদ মোল্লাকে নিয়ে। তার বাড়ি গোপালগঞ্জে।

ঢাকার হাজারীবাগে কয়েক বছর রিকশা চালিয়েছেন উল্লেখ করে এই তরুণ জানান, তিনি গ্রামের বাড়ি গিয়ে রিকশা চালাবেন সিদ্ধান্ত নিয়ে উল্টো পাশ দিয়ে সেই রাতে পদ্মা সেতুতে উঠে যান।

বিষয়টি দেখে কিছু-লোক তাকে ধাওয়া করে। এক পর্যায়ে ট্রাকের সঙ্গে রিকশাটির ধাক্কা লাগলে তিনি পড়ে যান। পরে ওই লোকগুলো কাছাকাছি আসলে তিনি ভয়ে পদ্মায় লাফ দেন।

সেতুর ২১নং পিয়ারের কাছ এসে রিকশাটি উদ্ধার করার পর ঝাঁপ দেওয়া চালকের খোঁজে সেই রাতে এবং এরপর কয়েক দিন ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে অনুসন্ধান চালায়। তবে কোনো চিহ্ন না পেয়ে অভিযান সমাপ্ত করা হয়।

শরীফুলের দাবি, রাতভর তিনি সাঁতার কেটে একটা চরে উঠেন। সে সময় ভেবেছিলেন কেউ তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। তবে টেলিভিশনে এই খবর প্রচার হওয়ার পর বুঝতে পারেন, তিনি নিজেই লাফ দিয়েছেন।

বিষয়টি নিয়ে জানতে শরীফুলের নম্বরে কল দিলে তিনি বিস্তারিত ব্যাখ্যা না দিয়ে নম্বর কেটে দেন।

পরে তার শ্বশুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ও যায়া একদিন পরে বলছে, ‘আমি পদ্মা সেতু থেকে অ্যাকসিডেন্ট কইরা ফেলছি।‘…এটা কয়, ওটা কয়। আমি রাগ হইছি, বলছি এ অসম্ভব। তুমি রিকশা নিয়া কেমনে সেতুতে উঠলা?”

তিনি বলেন, “আমি এক দেড় মাস তার কথা বিশ্বাস করিনি। …তারপর সে যখন আবার বলছে, আমার এক ভাই থাকে শ্রীনগর থানায়, তাকে বললাম, ‘এর কথা তো বিশ্বাস করি না, তুমি দেখ’।”

“সে (শ্রীনগর থানার সেই পুলিশ খোঁজ খবর নিয়া বলল, ‘একটা গাড়ি (রিকশা) আছে। এরপর আমরা আসছি।”

তা সাড়ে তিন মাস পরে কেন আসলেন- এই প্রশ্নে দাউদ মোল্লা বলেন, “ওর (শ্বশুর) সঙ্গে আমার মন কষাকষি বাইধা গেছে। আর ঘটনা ঘটানোর সময় তার মাথা এলোমেলো ছিল। তাই এতদিন আসিনি। এখন যেহেতু আমার ছোট ভাই বলছে, গাড়ি আছে, তাই আসলাম।”

[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ০১ অক্টোবর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]