চাঁপাইনবাবগঞ্জে প্রশিক্ষণে গাড়ি চাপায় প্রশিক্ষক নিহত
তিনি ওই কেন্দ্রের গেস্ট ট্রেইনার ছিলেন।
চাঁপাইনবাবগঞ্জে গাড়ি চালানোর প্রশিক্ষণ দেওয়ার সময় ‘দুর্ঘটনায়’ এক প্রশিক্ষকের মৃত্যু হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে জেলার বারঘরিয়ায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভেতর এ ঘটনা ঘটে বলে সদর থানার ওসি সাজ্জাদ হোসেন জানান।
নিহত গোলাম রসুল (৫২) চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার কল্যানপুর মহল্লার আলাউদ্দিন মণ্ডলের ছেলে।
তিনি ওই কেন্দ্রে গেস্ট ট্রেইনার হিসেবে গাড়ি চালানোর প্রশিক্ষণ দিতেন বলে জানায় পুলিশ।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি সাজ্জাদ হোসেন জানান, গোলাম রসুল জেলার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে গাড়ি চালানোর প্রশিক্ষণ দিচ্ছিলেন।
এ সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারালে এর নিচে চাপা পড়েন তিনি। স্থানীয়রা গুরুতর আহত গোলাম রসুলকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
