চুয়াডাঙ্গায় একজনকে কুপিয়ে হত্যা
মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারেক মারা যান।
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে এক ব্যক্তিকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা হয়েছে। পুলিশের ধারণা মাদক পাচার নিয়ে বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটেছে।
সোমবার রাত ১২টার দিকে গহেশপুর গ্রামের দোয়ারপাড়া মাঠে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন জীবননগর থানার ওসি আব্দুল খালেক।
নিহত ৪০ বছরের মো. তারেক গহেশপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে।
ওসি আব্দুল খালেক জানান, তারেকের সঙ্গে এলাকার মাদক পাচারকারিদের বিরোধ ছিল। তার জের ধরে সোমবার রাতে তাকে বাড়ি থেকে কৌশলে ডেকে নিয়ে দোয়ারপাড়া মাঠে কুপিয়ে আহত করা হয়।
“রাতেই তাকে জীবননগর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারেক মারা যান।”
এ ব্যাপারে থানায় এখনো কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি তবে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ব্যাপারে অভিযান শুরু হয়েছে জানান ওসি।
