Published : 12 Apr 2026, 09:58 PM
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সাঁওতালদের মিছিলে হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে নারীসহ অন্তত সাতজন আহত হয়েছেন।
রোববার দুপুরে উপজেলার মাদারপুর এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে বলে জানান গোবিন্দগঞ্জ থানার ওসি (তদন্ত) পবিত্র কুমার।

আহতদের মধ্যে গুরুতর শিউলী মারডি, মামলী হাসদা ও লুকাস মুরমুকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
ওসি মুহাম্মদ মোজাম্মেল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
“অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সাঁওতাল নেতা ও সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাসকে বলেন, কৃষিজমি সুরক্ষা আইনের আওতায় সাহেবগঞ্জ ইক্ষু খামারের জমি ফেরত এবং তিন সাঁওতাল হত্যার বিচারের দাবিতে তাদের পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল।
তিনি বলেন, বাগদা এলাকায় বিক্ষোভ সমাবেশে যোগ দিতে সাহেবগঞ্জ ইক্ষু খামার এলাকার আমবাগান থেকে মিছিল নিয়ে সাঁওতালরা রওনা দেন। পথে মাদারপুর এলাকায় প্রতিপক্ষের হামলায় কয়েকজন আহত হন।
তিনি অভিযোগ করেন, স্বপন শেখ, আতাউর রহমান সাবু, জাফরুল প্রধান ও আব্দুর রউফের নেতৃত্বে একদল ব্যক্তি লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এ ঘটনায় সংগঠনের সাধারণ সম্পাদক রাফায়েল হাসদা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

তবে অভিযোগ অস্বীকার করে জাফরুল ইসলাম বলেন, কারা হামলা করেছে তা তিনি জানেন না।
গাইবান্ধা আদিবাসী-বাঙালি সংহতি পরিষদের আহ্বায়ক সিরাজুল ইসলাম বাবু বলেন, সম্প্রতি সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি পুনর্গঠন করা হয়। কমিটির অভ্যন্তরীণ বিরোধ ও নেতৃত্বের দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটতে পারে।