২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬ আশ্বিন ১৪৩৩

জয়পুরহাটে ১০১ ‘ট্যাপেন্টাডল ট্যাবলেট’ জব্দ, দম্পতি গ্রেপ্তার

অনলাইন জুয়া খেলা অবস্থায় পাপ্পু এবং মাদক বিক্রির সময় রিনাকে আটক করা হয়।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 03 Sep 2026, 09:37 PM

Updated : 19 Sep 2026, 02:32 PM

জয়পুরহাট শহরের এক বাড়ি থেকে ১০১টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ-ডিবি।

বুধবার রাতে শহরের পূর্ব ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন জয়পুরহাট জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ডিবি) আসাদুজ্জামান।

গ্রেপ্তাররা হলেন- ওই গ্রামের প্রয়াত আশরাফ ইসলামের ছেলে পাপ্পু (৩০) এবং তার স্ত্রী রিনা আক্তার (২২)।

বৃহস্পতিবার বিকালে সংবাদ বিজ্ঞপ্তিতে গোয়েন্দা পুলিশ জানায়, গোপন খবর পেয়ে রাতে ডিবির একটি চৌকস দল মাদক ও অনলাইন জুয়াবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।

এ সময় অনলাইন জুয়া খেলা অবস্থায় পাপ্পু এবং মাদক বিক্রির সময় রিনা আক্তারকে আটক করা হয়। এ ছাড়া তাদের কাছ থেকে একটি স্মার্টফোন ও ১০১টি নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।

আটকদের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় আলাদা মামলা করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে গোয়েন্দা পুলিশ।