নারায়ণগঞ্জ-৫: ভোট থেকে সরে দাঁড়ালেন এনসিপি প্রার্থী
তনুর শ্বশুর আবুল কালাম বিএনপির তিনবারের এমপি, যিনি এবারও নারায়ণগঞ্জ-৫ আসনে মনোনয়নপত্র নিয়েছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী আহমেদুর রহমান তনু।
রোববার গণমাধ্যমে এক বার্তা পাঠিয়ে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
তনু দলটির কেন্দ্রীয় সদস্য এবং জেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী।
বার্তায় তিনি লিখেছেন, “নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন ও প্রত্যাশা নিয়ে আমি জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছিলাম। সেই সিদ্ধান্তের পেছনে দেশের প্রতি দায়বদ্ধতা, গণতন্ত্রের প্রতি বিশ্বাস ও জনগণের কল্যাণে কাজ করার আন্তরিক ইচ্ছা কাজ করেছিল।
“তবে বর্তমান পারিপার্শ্বিক রাজনৈতিক বাস্তবতা ও ব্যক্তিগত বিবেচনায় আমি এনসিপির হয়ে নির্বাচনে অংশগ্রহণ করার ইচ্ছা থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছি।”
এটি সম্পূর্ণরূপে তার ব্যক্তিগত ও রাজনৈতিক সিদ্ধান্ত, যার পেছনে কোনো ব্যক্তি, গোষ্ঠীর, বা দলের প্রতি বিরূপ মনোভাব নেই বলে দাবি করেন তনু।
“আমি বিশ্বাস করি, মত ও পথের ভিন্নতা থাকলেও দেশের স্বার্থে কাজ করার সুযোগ সবসময় থেকেই যায়। ভবিষ্যতেও গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার পক্ষে আমি আমার অবস্থান থেকে কাজ করে যাব রাজনৈতিকভাবে”, যোগ করেন তিনি।
আহমেদুর রহমান তনু নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালকও। নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়ায় সোমবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিনেও তা দেবেন না বলে জানিয়েছেন।
তনুর প্রয়াত বাবা আবদুর রহমান নারায়ণগঞ্জের নাগরিক আন্দোলনের অন্যতম নেতা ছিলেন। তিনি নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন দীর্ঘ সময়।
সুশাসনের জন্য নাগরিকের (সুজন) নেতৃত্ব দিয়েছেন নারায়ণগঞ্জে। তনুও সুজনের নেতৃত্ব দিয়েছেন।
এদিকে তনুর শ্বশুর আইনজীবী আবুল কালাম বিএনপির তিনবারের সংসদ সদস্য। তিনি এবারও নারায়ণগঞ্জ-৫ আসনে প্রার্থী হতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
