২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এমপি আনার হত্যা: জড়িতদের ফাঁসির দাবিতে ঝিনাইদহে মানববন্ধন

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনার চিকিৎসার জন্য ভারতে গিয়ে খুন হন।

এমপি আনার হত্যা: জড়িতদের ফাঁসির দাবিতে ঝিনাইদহে মানববন্ধন
ঝিনাইদহের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2024, 06:48 PM

Updated : 10 Sep 2026, 12:07 PM

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে তার নির্বাচনি এলাকায় কর্মসূচি অব্যাহত রয়েছে।

বৃহস্পতিবার সকালে কালীগঞ্জ উপজেলা শহরের জনতা মোড়ে মানববন্ধনের আয়োজন করে ব্যবসায়ী সমিতি। এতে সংসদ সদস্য আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন অংশ নেন।

এ ছাড়া মানববন্ধনে উপজেলা ব্যবসায়ী সমিতির সভাপতি আসাদুজ্জামান, কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, মোটরমালিক সমিতির সভাপতি ফরিদ উদ্দিন, এমদাদুল হক ইন্তা, মিজানুর রহমান, আকতার হোসেন দোলা এবং শিবু পদ বিশ্বাস বক্তব্য দেন।

বক্তারা সংসদ সদস্য আনার হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে ফাঁসির দাবি জানান। সেইসঙ্গে হত্যার পেছনে যারা জড়িত তাদেরও শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানান তারা। 

হত্যার মূল পরিকল্পনাকারী যারা বিদেশে পালিয়ে গেছেন তাদের দেশে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানান সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন।

সেইসঙ্গে নিহতের দেহাবশেষ উদ্ধার করে দেশে আনতে সরকারের সহযোগিতা চান তিনি।

ঝিনাইদহ-৪ আসনের তিনবারের সংসদ সদস্য আনার কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি। গত ১১ মে তিনি চিকিৎসার জন্য ভারতে যান। প্রথমে কলকাতার বরাহনগরে তার বন্ধু স্বর্ণ ব্যবসায়ী গোপাল বিশ্বাসের বাড়িতে ওঠেন। কিন্তু সেখান থেকে বেরিয়ে নিখোঁজ হন।

এরপর স্থানীয় থানায় জিডি করেন গোপাল বিশ্বাস। তদন্ত শুরু হয় দুই দেশে। ২২ মে সকালে ভারতীয় সংবাদমাধ্যমে খবর আসে, নিউ টাউনের এক বাড়িতে খুন হয়েছেন আনার।

এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ভারতীয় পুলিশের দেওয়া তথ্যে বাংলাদেশে তিনজনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পরে তাদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডেও নেওয়া হয়।

ওই তিনজন হলেন- আমানুল্লা সাঈদ ওরফে শিমুল ভুঁইয়া ওরফে শিহাব ওরফে ফজল মোহাম্মদ ভুঁইয়া (৫৬), তানভীর ভুঁইয়া (৩০) ও সেলেস্টি রহমান (২২)।

এ ছাড়া মঙ্গলবার যশোর থেকে সাইফুল আলম মোল্লা মেম্বার নামে আরেকজনকে আটক করে ডিবি। তিনি পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির নেতা খুলনার শিমুল ভুঁইয়ার সহযোগী বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ বলছে, এমপি আনার হত্যার ‘হোতা’ তার বাল্যবন্ধু ও ঝিনাইদহের যুক্তরাষ্ট্রপ্রবাসী আখতারুজ্জামান ওরফে শাহিন মিয়া। আর হত্যাকাণ্ডটি বাস্তবায়ন করেছেন চরমপন্থি নেতা আমানুল্লা ওরফে শিমুল। আনার কলকাতায় যাওয়ার পরদিন বৈঠক করার জন্য নিউ টাউনে আখতারুজ্জামান শাহীনের ভাড়া বাসায় যান। সেখানেই আসামিরা তাকে হত্যা করে।

আরও পড়ুন:

এমপি আনার 'হত্যা': সেই বাড়ির সেপটিক ট্যাংকে মিলেছে টুকরো মাংস

এমপি আনার হত্যা: সেলেস্টিকে নিয়ে যা বললেন আত্মীয়

আনার হত্যা: গ্রেপ্তার তিনজন ৮ দিনের রিমান্ডে

আনার হত্যা: এক কসাই গ্রেপ্তারের খবর, হত্যার লোমহর্ষক বর্ণনা