২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় গলাকেটে শিক্ষার্থীকে খুন

রাতে বাড়ির সামনের রাস্তায় বসে তিনি মোবাইল দেখছিলেন।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2022, 05:07 PM

Updated : 09 Oct 2022, 05:07 PM

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় এক ছাত্রকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা; এ ঘটনায় দুই তরুণ-তরুণীকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।   

শনিবার রাত সোয়া ১১টার দিকে উপজেলার গড়াডোবা ইউনিয়নের পাথারিয়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে কেন্দুয়া থানার ওসি আলী হোসেন জানান।

নিহত সাদ্দাম হোসেন (১৮) পাথারিয়া গ্রামের কাজল মিয়ার ছেলে। তিনি উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী ছিলেন।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, রাতে সাদ্দাম বাড়ির পাশে রাস্তায় বসে মোবাইল দেখছিলেন। এ সময় অজ্ঞাত দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার গলাকেটে ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাশের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ রোববার সকালে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

ওসি আলী হোসেন আরও বলেন, “হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানা সম্ভব হয়নি। তবে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একই গ্রামের দুই তরুণ-তরুণীকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। হত্যাকাণ্ডের তদন্ত শুরু হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।”