দক্ষিণ আফ্রিকায় নোয়াখালীর ব্যবসায়ীকে গুলি করে হত্যা
রিগান ২০০৯ সালে দক্ষিণ আফ্রিকায় যান; ২০২১ সালে দেশে এসে প্রায় ৫ মাস ছুটি কাটিয়ে আবার ফিরে যান।
দক্ষিণ আফ্রিকায় নোয়াখালীর এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত বন্দুকধারীরা।
ফ্রি স্টেট প্রদেশের বুসাবেলোতে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে সোমবার বাংলাদেশ সময় রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে নিহতের স্বজনরা জানান।
নিহত রিগান ইসলাম (৩৫) উপজেলার বাটইয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শ্রীনদ্দি গ্রামের উলাল মিয়ার বাড়ির তাজু মিয়ার বড় ছেলে।
নিহতের ভাই ফাহিম মাহমুদ জানান, ২০০৯ সালে দক্ষিণ আফ্রিকায় যান তার বড় ভাই। এরপর ২০২১ সালে দেশে এসে প্রায় ৫ মাস ছুটি কাটিয়ে আবার ফিরে যান।
ফাহিম বলেন, সোমবার রাতে দোকানের জন্য মালামাল ক্রয় করে দোকানের সামনে আসেন তিনি। গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে আগে থেকেই ওঁত পেতে সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে।
“এতে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে একাধিক গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।”
বাটইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন শাহীন বলেন, তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে পরিবারটির খোঁজ খবর নেওয়া হয়েছে। নিহতের পরিবার তার মরদেহ আনতে সরকারের সহযোগিতা কামনা করেছে।
কবিরহাট থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, দক্ষিণ আফ্রিকার ফ্রি স্টেট প্রদেশের বুসাবেলোতে সন্ত্রাসীরা কবিরহাট উপজেলার শ্রীনদ্দি গ্রামের উলাল মিয়ার বাড়ির তাজু মিয়ার বড় ছেলে রিগান ইসলামকে গুলি করে হত্যা করেছে বলে তার স্বজনদের কাছ থেকে জানতে পেরেছেন।
