১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

সাতক্ষীরায় রাস্তায় মিলল ১৮ হাতবোমা, করা হল নিষ্ক্রিয়

র‌্যাবের ধারণা, উদ্ধার হওয়া হাতবোমাগুলো নাশকতার কাজে ব্যবহার করার জন্য নিয়ে আসা হয়েছিল।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2023, 07:45 PM

Updated : 26 Dec 2023, 07:45 PM

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় রাস্তার পাশে প্লাস্টিকের ব্যাগে উদ্ধার হওয়া ১৮টি হাতবোমা বিস্ফোরণ করে নিষ্ক্রিয় করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব-৬ খুলনার অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফিরোজ কবির।

তিনি বলেন, সোমবার উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর (শেখপাড়া) গ্রামের পাকা রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় প্লাস্টিকের ব্যাগে তাজা হাতবোমাগুলো ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে ছিল।

হাতবোমাগুলো বিস্ফোরণের কার্যক্রম শেষে সাংবাদিকদের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফিরোজ বলেন, “খবর পেয়ে র‌্যাব-৬ এর একটি টহল ডিউটি টিমের অভিজ্ঞ বোম ডিসপোজাল টিম ১৮টি ককটেল উদ্ধার করে এবং নিষ্ক্রিয় করেন। এগুলো সাতক্ষীরার লাবসা জিরো পয়েন্টের ফাঁকা মাঠে বিস্ফোরণ করা হয়।”

তিনি আরও বলেন, হাতবোমাগুলো অত্যন্ত শক্তিশালী গোলাবারুদ দ্বারা তৈরি যা বিস্ফোরণ হলে মারাত্মক ক্ষতির সম্ভবনা ছিল। এই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জন্য র‌্যাব ও গোয়েন্দা বিভাগ কাজ করছে।

“প্রাথমিকভাবে ধারণা করা, উদ্ধার হওয়া হাতবোমাগুলো নাশকতার কাজে ব্যবহার করার জন্য নিয়ে আসা হয়েছে।” 

এই বিষয়ে সোমবার কালিগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।