১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

টেকনাফ সীমান্তে মাইন বিস্ফোরণে তরুণ আহত

ওসি বলেন, “আহত ব্যক্তি উখিয়ার কুতুপালং এলাকার এমএসএফ হাসপাতালে চিকিৎসাধীন।”

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2024, 06:10 PM

Updated : 26 Aug 2026, 10:34 AM

কক্সবাজারে টেকনাফ উপজেলার নাফ নদীর সীমান্তে ওপারে গিয়ে মাইন বিস্ফোরণে এক বাংলাদেশি তরুণ আহত হয়েছেন।   

মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার নাফ নদীর হোয়াইক্যং পয়েন্ট সংলগ্ন সীমান্তের ওপারে লালচর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারী।

আহত ব্যক্তির নাম ওমর ফারুক (১৮); তিনি টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উত্তর পাড়ার মোহাম্মদ ইলিয়াছের ছেলে।

টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন সাংবাদিকদের বলেন, স্থানীয়দের কাছ থেকে তিনি খবরটি শুনেছেন। আহত ব্যক্তি উখিয়ার কুতুপালং এলাকার এমএসএফ হাসপাতালে চিকিৎসাধীন।

আহতের স্বজন ও স্থানীয়দের বরাতে ইউপি চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারী বলেন, “ওমর ফারুকসহ স্থানীয় দুই যুবক মিয়ানমারের লালচর এলাকায় আনারগুলা নামের এক ধরনের ফল আনতে যায়। একপর্যায়ে সেখানে পুঁতে রাখা মাইন বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ওমর ফারুক গুরুতর আহত হয়েছে।

“বিস্ফোরণে ওমর ফারুকের ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্নের পাশাপাশি বাম পায়েও আঘাতপ্রাপ্ত হয়েছেন।”

ইউপি চেয়ারম্যান বলেন, “ওমর ফারুককে সঙ্গে থাকা অপর বাংলাদেশি যুবক উদ্ধার করে হোয়াইক্যং এলাকায় নিয়ে আসে। পরে খবর পেয়ে স্বজনরা তাকে উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এমএসএফ হাসপাতালে ভর্তি করেছে।”