Published : 04 Jul 2026, 03:13 PM
ঝালকাঠির নলছিটিতে ফুটবল খেলা নিয়ে তর্কের জেরে ব্রাজিল সমর্থক এক যুবককে মারধরের অভিযোগ উঠেছে আর্জেন্টিনা সমর্থকের বিরুদ্ধে। এতে তার নাকের হাড় ভেঙে গেছে বলে দাবি স্বজনদের।
শুক্রবার বিকালে উপজেলার কুলকাঠি ইউনিয়নের সরই গ্রামের মাঠে এ ঘটনা ঘটে বলে জানান নলছিটি থানার ওসি তৌহিদুজ্জান।
আহত হাসিবুল ইসলাম (২০) বারইকরণ গ্রামের ব্যবসায়ী কামাল হোসেনের ছেলে। তিনি ব্রাজিল ফুটবল দলের সমর্থক বলে জানান স্বজনরা।
স্বজনদের অভিযোগ, খেলা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে পাশের সরই গ্রামের আর্জেন্টিনা সমর্থক এক যুবক হাসিবুলকে ঘুষি মারেন। এতে তিনি নাকে প্রচণ্ড আঘাত পান।
স্থানীয়রা তাকে প্রথমে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
স্বজনদের দাবি, চিকিৎসক জানিয়েছেন, হাসিবুলের নাকের হাড় ভেঙে গেছে।
ওসি তৌহিদুজ্জান বলেন, আহত ব্যক্তিকে আগে চিকিৎসা নিতে বলা হয়েছে। পরে অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।