চাঁদপুরে হাসপাতালের চাল-মাছ চুরির সময় নানি-নাতি আটক
বস্তায় করে প্রায় ১০ কেজি রুই মাছ, চাল, প্রায় ১০ কেজি আলু ও পাউরুটিসহ রোগীদের বিভিন্ন খাদ্য সামগ্রী নিয়ে যাচ্ছিলেন তারা।
চাঁদপুর জেনারেল হাসপাতালের রোগীদের প্রতিদিনের বরাদ্দের রসদ থেকে খাদ্য সামগ্রী চুরির অভিযোগে বাবুর্চির সহযোগী ও তার নাতিকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে মাছ, চাল, আলু ও চুরি করে নিয়ে যাওয়ার সময় হাসপাতালের পূর্ব দিকের গেটে স্থানীয়দের হাতে তারা আটক হন বলে জানিয়েছেন চাঁদপুর সদর মডেল থানার এসআই মো. শাহরিন।
আটক হওয়া রেজিয়া বেগম হাসপাতালের বাবুর্চির সহযোগী ও তার নাতি শাকিল।
স্থানীয়রা জানান, এ হাসপাতালে চাঁদপুর ও আশপাশের জেলার অনেক রোগীই চিকিৎসা নিতে আসেন আর ভর্তি হওয়া রোগীদের খাবার পরিবেশন করা হয় ঠিকাদারের মাধ্যমে।
তবে সেই বরাদ্দ থেকে প্রায়ই চাল, ডাল, সবজি, মাছ, মাংসসহ বিভিন্ন রসদ চুরি হতো। চুরির বিষয়টি সবার মুখে মুখে থাকলেও ধরা পড়েনি চোর।
এর মধ্যে বৃহস্পতিবার বিকালে হাসপাতালের পূর্ব দিকের গেট দিয়ে রান্নাঘর থেকে রেজিয়া বেগম ও শাকিল বস্তায় করে প্রায় ১০ কেজি রুই মাছ, চাল, প্রায় ১০ কেজি আলু ও পাউরুটিসহ রোগীদের বিভিন্ন খাদ্য সামগ্রী নিয়ে যাচ্ছিলেন।
এ সময় অ্যাম্বুলেন্সচালক কাউসার ও রাজ্জাকসহ কয়েকজন তাদের হাতেনাতে ধরে ফেলেন। পরে তাদের হাসপাতাল কর্তৃপক্ষের কাছে নেওয়া হয়। এ সময় শাকিলকে স্থানীয় উত্তেজিত লোকজন মারধরও করেন। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে।
স্থানীয় বাবু, অ্যাম্বুলেন্সচালক কাউসার ও রাজ্জাক জানান, তারা জানতে পারেন রেজিয়া ও তার নাতি প্রায় প্রতিদিনই রোগীদের মাছ, মাংস, চাল, ডালসহ বিভিন্ন খাবার সামগ্রী চুরি করে শহরের বিভিন্ন এলাকায় ও হোটেলে বিক্রি করে থাকেন।
তাই তারা তাদের দীর্ঘক্ষণ পাহারা দিচ্ছিলেন। পরে বিকালে চুরির মাল অটোরিকশায় তোলার সময় তাদের হাতেনাতে আটক করেন তারা।
জিজ্ঞাসাবাদে নানি-নাতি বলেন, রোগীদের খাবার চুরি করে তারা অন্যত্র বিক্রি করেন। এর সঙ্গে ঠিকাদাররাও জড়িত বলে জানান তারা।
তবে এ বিষয়ে ঠিকাদার সঞ্জিত পোদ্দার বলেন, “আমরা নিয়মিত রোগীদের ভালো খাবার দেওয়ার চেষ্টা করি। হাসপাতালের রোগীরা যাতে ভালো এবং পরিপূর্ণ খাবার পান, সেটা আমরাও চাই। কিন্তু চুরির কারণে হয়তো রোগীরা সঠিক খাবার থেকে বঞ্চিত হন। যার কারণে আমাদের ঠিকাদারদের অনেক বদনাম রটে। ”
তিনি আরও বলেন, “আমি দীর্ঘদিন ধরে তাদের এমন খাবার চুরি করার অভিযোগ পেয়েছি। তাদের অনেক সতর্ক করেছি। আমি তাদের কঠিন শাস্তি চাই।”
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার আসিবুল আহসান চৌধুরী বলেন, “বিষয়টি আমরা জেনেছি। তাদের ব্যাপারে কঠিন পদক্ষেপ নেব।
“এছাড়া ভবিষ্যতে যেন আর এমন ঘটনা না ঘটে, সেজন্য তাদের কাউকেই রান্না ঘরের চাকরিতে রাখব না। তাদের সবাইকে চাকরি থেকে বরখাস্ত করা হবে।”
এসআই মো. শাহরিন বলেন, “আটক শাকিলকে থানায় নেওয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।”
