২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

জয়পুরহাটে ছাত্রদলের ৭ নেতার বহিষ্কার প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

১৫ অগাস্ট ছাত্রদলের দুই পক্ষের ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনাকে কেন্দ্র করে তাদের বহিষ্কার করে কেন্দ্রীয় কমিটি।

জয়পুরহাটে ছাত্রদলের ৭ নেতার বহিষ্কার প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
জয়পুরহাটে ছাত্রদলের সাত নেতার বহিষ্কার প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন সংগঠনটির একাংশের নেতাকর্মীরা।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2025, 09:35 PM

Updated : 26 Aug 2026, 02:19 PM

জয়পুরহাটে ছাত্রদলের সাত নেতার বহিষ্কার প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করেছেন সংগঠনটির একাংশের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার বিকালে নেতাকর্মীরা শহরের শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দান থেকে বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। সন্ধ্যায় জয়পুরহাট জেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে জয়পুরহাট সরকারি কলেজ শাখা ছাত্রদলের সদস্যসচিব পিয়াস আহম্মেদ পৃথিবী ও জয়পুরহাট শহর ছাত্রদলের সদস্যসচিব হাসানুল বান্না হাসান বক্তব্য দেন।

বহিষ্কৃত নেতাদের স্বপদে বহাল ও সঠিক তদন্তের মাধ্যমে ষড়যন্ত্রকারীদের শাস্তির দাবি জানান নেতাকর্মীরা।

সেইসঙ্গে তিন দিনের মধ্যে বহিষ্কৃতদের স্বপদে বহাল করা না হলে রোববার থেকে অনশন কর্মসূচিসহ ছাত্রদলের তিন শতাধিক নেতাকর্মী পদত্যাগ করবেন বলে জানান তারা।

গত ১৫ অগাস্ট ছাত্রদলের দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনাকে কেন্দ্র করে বুধবার ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত চিঠিতে সাত নেতাকে বহিষ্কার করা হয়। 

বহিষ্কৃতরা হলেন- জয়পুরহাট জেলা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, জয়পুরহাট সরকারি কলেজ শাখার সদস্যসচিব পিয়াস আহম্মেদ পৃথিবী, যুগ্ম আহ্বায়ক সাগর চৌধুরী ও আহাদ হোসেন, জয়পুরহাট শহর শাখা ছাত্রদলের সদস্যসচিব হাসানুল বান্না হাসান ও যুগ্ম আহ্বায়ক সোহরাফ হোসেন ইমন এবং জয়পুরহাট শহীদ জিয়া ডিগ্রী কলেজ শাখার সভাপতি রাকিবুল করিম রাকিব।