০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

হামের উপসর্গ নিয়ে আরও ৩ মৃত্যু

চলতি বছরের এ পর্যন্ত হামে প্রাণ হারিয়েছে ১২৭২ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 05 Nov 2026, 04:37 PM

Updated : 05 Nov 2026, 04:37 PM

দেশে গত এক দিনে হামের উপসর্গ নিয়ে আরও তিন জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

সরকারি হিসাব অনুযায়ী, এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও রোগটির উপসর্গ নিয়ে মোট ১ হাজার ২৭২ জনের মৃত্যু হল।

এর মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১ হাজার ১৬৭ জন। এছাড়া নিশ্চিতভাবে হাম নিয়ে মারা গেছে ১০৫ জন।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চট্টগ্রাম বিভাগে দুই জন এবং ঢাকা বিভাগে একজন মারা গেছে।

এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৫২২ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর সিলেট বিভাগে ২০৪ জন, চট্টগ্রামে ১১৪, রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৮৯, বরিশালে ৭০, খুলনায় ৫৭ ও রংপুর বিভাগে ১৮ জন মারা গেছে।

বুলেটিনে বলা হয়, হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসাতালে এসেছে ১ হাজার ৩২৭ জন। এ সময়ে ৬৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২২০ জন। এর মধ্যে রয়েছে ঢাকা বিভাগে ৪৩২ জন, চট্টগ্রামে ২৪৯, সিলেটে ১৬৪, বরিশালে ১২৮, খুলনায় ৯১, ময়মনসিংহে ৯২, রংপুরে ২০ ও রাজশাহীতে ৪৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ৯ হাজার ৮৫৪ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে ২ লাখ এক হাজার ১৫৩ জন।

বুলেটিন অনুসারে, চলতি বছর হাম উপসর্গ নিয়ে হাসপাতালে আসা রোগীর সংখ্যা ২ লাখ ৩৫ হাজার ৪৭৫। যার মধ্যে ২৪ হাজার ২১৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হাম ও এর উপসর্গে আক্রান্ত এবং মৃত্যুর হিসাব রাখে। যদিও হাসপাতালে আসা সব রোগী কিংবা হাসপাতালের বাইরে থাকা সব রোগীর হাম পরীক্ষা হয় না। ফলে হাম শনাক্ত হওয়া রোগীর প্রকৃত সংখ্যা জানা কঠিন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে শুধু হাসপাতালে আসা ও ভর্তি হওয়া রোগীদের তথ্যই নথিভুক্ত করা হয়।