২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে চলন্ত ট্রাকে আগুন, ডোবায় নামিয়ে রক্ষা

“খড়ি সাজানো একটি ট্রলি ওভারটেক করতে গিয়ে ট্রাকটি একটু স্লো করার সময় পাশে মোটরসাইকেল নিয়ে কয়েকজনকে দাঁড়িয়ে থাকতে দেখেন চালক।”

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2023, 06:25 PM

Updated : 22 Nov 2023, 06:25 PM

অবরোধের আগে গভীর রাতে রাজবাড়ীর বালিয়াকান্দিতে পাটবোঝাই একটি চলন্ত ট্রাকে আগুন দেয় দুর্বত্তরা। কিছু দূর যাওয়ার পর আগুনের বিষয়টি টের পেয়ে ট্রাকটি ডোবায় নামিয়ে দেন চালক।

মঙ্গলবার রাত ২টার দিকে উপজেলার নারুয়া এলাকায় এ ঘটনা ঘটে বলে বালিয়াকান্দি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সৈয়দ সরাফত আলী জানান।

ট্রাক চালক জাহাঙ্গীরের বরাতে তিনি বলেন, নাটোর থেকে দুটি ট্রাক পাট বোঝাই করে ফরিদপুরের মধুখালী উপজেলার আশাপুর এলাকার আব্দুল রাজ্জাক খান জুট মিলে যাচ্ছিল।

“রাত ২টার দিকে বালিয়াকান্দি-সোনাপুর সড়কে নবাবপুর ইউনিয়নের ঘোড়ামারা ব্রিজ এলাকায় পৌঁছালে একটি খড়ি সাজানো ইঞ্জিন চালিত ট্রলি দাঁড়িয়ে থাকেতে দেখেন ট্রাকের চালকরা।

“ওই গাড়িটিকে ওভারটেক করতে গিয়ে ট্রাকটি একটু স্লো করতে হয়। সে সময় ওই গাড়ির পাশে মোটরসাইকেল নিয়ে কয়েকজনকে দাঁড়িয়ে থাকাতে দেখেন চালক।”

ওই এলাকা থেকে তিন থেকে চার কিলোমিটার দূরে পৌঁছালে বালিয়াকান্দি বাজারের পাহারাদাররা ট্রাককে সিগন্যাল দিয়ে জানান গাড়ির পেছনে পাটে আগুন লেগেছে।

পরে ওই ট্রাক চালক নারুয়া রোডে আলমের ইটভাটার পাশে একটা পানির ডোবায় ট্রাক নামিয়ে দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন বলে জানান তিনি।

বালিয়াকান্দি থানার ওসি মো. আসাদুজ্জামান বলেন, এ ঘটনায় তদন্ত চলছে; মামলা প্রক্রিয়াধীন।