আকারে ছোট হলেও স্বপ্নটা বড় ফরিদপুরের নাইমার
স্বপ্ন পূরণে সহযোগী হতে নাইমার হাতে ল্যাপটপ তুলে দেন জেলা প্রশাসক।
ফরিদপুরের ২২ বছরের নাইমা সুলতানা পাখির উচ্চতা মাত্র ২৯ ইঞ্চি। তবে এই তরুণীর স্বপ্নটা কিন্তু ছোটো নয়।
পরিবারের হাল ধরার স্বপ্ন রয়েছে জানিয়ে নাইমা বলেন, “কারও করুণা কিংবা ভিক্ষা করে নয়, মাথা উঁচু করে বাঁচবো। নিজের পায়ে দাঁড়িয়ে সমাজের দৃষ্টান্ত হতে চাই।”
তাই পড়াশোনা শেষে করতে চান যোগ্যতা অনুযায়ী সরকারি চাকরি। সেজন্য অভাব-অনটনের সংসারে প্রতিনিয়ত জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছেন তিনি।
ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের উলুকান্দা গ্রামের নাদের মাতুব্বর ও সাহিদা বেগম দম্পতির তিন মেয়ের মধ্যে নাইমা সুলতানা পাখি সবার বড়।
তার বাবা নাদের মাতুব্বর একসময় পাট-ভুষামালের ব্যবসা করতেন। কিন্তু মস্তিষ্কের রক্তক্ষরণে ১২ বছর ধরে ঘরবন্দি তিনি। ফলে তিন বোনের পড়াশোনাসহ সংসারের যাবতীয় খরচ চালাতে খুবই কষ্ট হয় তাদের।
এর মধ্যেই গ্রামের স্কুল থেকে এসএসসি পাস করেছেন পাখি। এর পর এইচএসসি শেষে এখন তিনি ফরিদপুর সারদা সুন্দরী মহিলা কলেজের অনার্স (বাংলা) দ্বিতীয় বর্ষের ছাত্রী।
নাইমা সুলতানা পাখি বলেন, “বাবা অসুস্থ। সংসারে রোজগারের মতো কেউ নেই। পড়াশোনা তো দূরে থাক; ঠিকমতো সংসারই চলে না। এরপরও কষ্টের মধ্য দিয়ে পড়া চালিয়ে যাচ্ছি।”
তিনি বলেন, “মানুষ ছোট হলেও আমার স্বপ্নটা বড়। চাই লেখাপড়া করে যোগ্যতা অনুযায়ী সরকারি একটা চাকরি করে পরিবারের হাল ধরতে। বাবা-মা, বোনদের মুখে হাসি ফোটাতে।”
নাইমার ইচ্ছা ছিলো পড়াশোনার পাশাপাশি একটি কম্পিউটারের কোর্স শেষ করে কম্পিউটার পরিচালনায় আরও দক্ষ হবেন। কিন্তু তার নিজের কোনো কম্পিউটার নেই। একসঙ্গে এত টাকা দিয়ে কম্পিউটার কেনাও সম্ভব নয়। ফলে বেশ দুঃশ্চিন্তায় ছিলেন তিনি।
ঠিক এ সময় তার পাশে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার।
মঙ্গলবার সকালে নাইমা ও তার পরিবারকে ডেকে নেন জেলা প্রশাসক। শোনেন তার ইচ্ছার গল্প। তার স্বপ্ন-আকাঙ্ক্ষার কথা শুনে অবাক হন তিনি।
তাই লক্ষ্য পূরণের পথে এগিয়ে নিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে নাইমার হাতে তুলে দেন একটি আধুনিক মানের ল্যাপটপ। একই সঙ্গে জীবনযুদ্ধকে সহজ করতে তার পড়াশোনার খরচ বহন করার ঘোষণা দেন জেলা প্রশাসক।
জেলা প্রশাসনের এই শীর্ষ কর্মকর্তা বলেন, “পাখির স্বপ্ন ও তার পরিবারের অভাব অনটনের খবর পাওয়ার পরে তাদেরকে অফিসে ডেকে নিয়ে আসি। আমি হতবাক মেয়েটির স্বপ্ন কত বড়।
“এতো কষ্টের মধ্যেও সে নিজেকে স্বাবলম্বী করতে চায়। এই কারণে জেলা প্রশাসনের পক্ষ থেকে চেষ্টা করেছি কিছুটা সহযোগিতার হাত বাড়িয়ে দিতে।”
তার পড়ালেখা শেষ হলে যোগ্যতানুযায়ী চাকরির ব্যবস্থা করে দেওয়া হবে বলেও আশ্বাস দেন জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার।
জেলা প্রশাসকের এই সহায়তার বিষয়ে নাইমা বলেন, “আমার পাহাড় সমান স্বপ্ন বাস্তবায়নে দেবতার মতো হয়ে পাশে দাঁড়িয়েছেন জেলা প্রশাসক কামরুল আহসান স্যার। তার এই সহযোগিতা হয়তো আমাকে আমার টার্গেটে নিয়ে যাবে।”
নাইমার মা শাহিদা বেগম বলেন, “স্বামী অসুস্থ অবস্থায় দীর্ঘদিন ঘরে পড়ে আছে। তিন মেয়ের পড়াশোনাসহ সংসারের যাবতীয় খরচ চালাতে খুবই কষ্ট হয়। পাখির স্বপ্ন পড়াশোনা শেষে ভালো চাকরি করে সংসারের হাল ধরবে। কিন্তু আমাদের সামর্থ্য নেই।”
তিনি বলেন, “জেলা প্রশাসককে ধন্যবাদ জানাই, তিনি আমার এই অবহেলিত মেয়েটির পাশে দাঁড়িয়েছেন।”
