রাস্তার পাশে কাটা পা, তথ্য জানতে থানায় থানায় বার্তা
কাউনিয়া থানা পুলিশ ধারণা করছে, অস্ত্রোপচারের কাটা পা হতে পারে এটি।
রংপুরের কাউনিয়া উপজেলায় অজ্ঞাত ব্যক্তির একটি কাটা পা উদ্ধার করেছে পুলিশ।
প্রাথমিকভাবে অস্ত্রোপচারে কাটা পা মনে করলেও প্রকৃত ঘটনা জানতে দেশের সব থানায় বার্তা পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।
রোববার সকালে উপজেলার সাহাবাজ গ্রামে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের পাশে পরিত্যক্ত একটি ব্যাগ থেকে পা-টি উদ্ধার করা হয় বলে কাউনিয়া থানার এসআই আবু বক্কর জানান।
তিনি জানান, ওই মহাসড়কের পাশে একটি ব্যাগ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। সাদা রংয়ের ব্যাগের ভেতর পলিথিন ও কাপড়ে মোড়ানো অবস্থায় হাঁটু থেকে বিচ্ছিন্ন পা-টি উদ্ধার করা হয়।
এটি পুরুষের বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
কাউনিয়া থানার পরিদর্শক (তদন্ত) সেলিমুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উদ্ধার হওয়া পায়ের গোড়ালিতে পচন আছে। কোনো ব্যক্তির পা সার্জারি করে কাটা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”
তিনি আরও জানান, পায়ের সঙ্গে ওড়না, বিছানার কাপড় ও সার্জিক্যাল টুপি ছিল। ধারণা করা হচ্ছে, কোনো হাসপাতালে অস্ত্রোপচারের পর রোগির স্বজনরা কাটা পায়ের অংশ রাস্তার পাশে ফেলে গেছেন।
তবে প্রকৃত ঘটনা জানতে দেশের সব থানার বার্তা পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
