সিলেটে হত্যা ও মাদক মামলায় ২ জনের প্রাণদণ্ড
হত্যা মামলার আসামিকে ১০ হাজার টাকা এবং মাদক মামলার আসামিকে ১ লাখ টাকা জরিমানা করেছে আদালত।
সিলেটে হত্যা ও মাদক মামলায় দুই আসামিকে প্রাণদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার দুপুরে সিলেটের জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মো. মশিউর রহমান চৌধুরী আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানিয়েছেন ওই আদালতের পিপি নিজাম উদ্দিন।
তিনি বলেন, “মাদকের মামলায় আরও দুই আসামিকে ৫ বছর করে সাজা ও চার জনকে খালাস দেওয়া হয়েছে।”
হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন- সিলেটের গোয়াইনঘাট উপজেলার গুলনি চা-বাগানের সুভাস কুর্মী মেটন। রায়ে তাকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে বলে পিপি জানান।
মাদক মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন- গোয়াইনঘাট উপজেলার পশ্চিম লাখের পাড় গ্রামের আব্দুল মালেক লিটন।
হত্যা মামলাটির নথির বরাতে পিপি জানান, সবিতা মুন্ডা নামে এক নারীকে প্রেমের ফাঁদে ফেলে ২০২০ সালের ২ এপ্রিল তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেন সুভাস মেটন। ঘটনাটি তার মাকে জানালে সবিতাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে বিষয়টি অন্য কাউকে জানাতে নিষেধ করেন সুভাস।
একই বছরের ২৯ এপ্রিল রাত ৮টার দিকে সবিতাকে বিয়ে করবেন বলে ফোন দিয়ে বাড়ি থেকে বের করে নেন সুভাস। এদিকে রাতে সবিতাকে না পেয়ে বাড়ির লোকজন খুঁজতে থাকেন। পরদিন সকালে গুলনি চা বাগানের একটি কাঁঠাল গাছে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে থাকা অবস্থায় সবিতার মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় নিহতের ভাই সুরেন মুন্ডা বাদী হয়ে গোয়াইনঘাট থানায় মামলা করেন।
ওই থানার উপপরিদর্শক মহসিন ভূঁইয়া একই বছরের ২৮ নভেম্বর সুভাস কুর্মী মেটনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।
পিপি নিজাম উদ্দিন আরও জানান, ২০২২ সালের ২৪ মে আদালত অভিযোগটি আমলে নেয়। এরপর ২০২৩ সালের ২৬ জুলাই আসামি সুভাস কুর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠনের পর বিচারকালে ২২ জন সাক্ষীর মধ্যে ১৭ জনের সাক্ষ্য নিয়ে আদালত এ রায় দেয়।
অপরদিকে, এক কেজি হেরোইন বহনের দায়ে আব্দুল মালেক লিটনকে মৃত্যুদণ্ডের পাশাপাশি ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে বলে পিপি জানান।
এই মামলার অপর আসামি মাসুম আহমদ মাসুদ ও দুলাল মিয়া ওরফে দুলাল আহমদকে পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় ঘোষণা করেন একই বিচারক।
দণ্ডিত মাসুম আহমদ গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার কালিরবাজার গ্রামের বাসিন্দা।
তিনি সিলেট নগরীর মেজরটিলা ফাল্গুনী আবাসিক এলাকায় রিপন মেম্বারের বাড়িতে ভাড়া থাকতেন।
অপর দণ্ডিত দুলাল সিলেটের জৈন্তাপুরের কেন্দ্রী গ্রামের বাসিন্দা।
মাদক মামলায় সোহেল বুনার্জী, ফরিদ মিয়া, হোসেন ও মুকুল মিয়া নামে চার জনকে খালাস দেওয়া হয়েছে।
মামলার নথির বরাত দিয়ে পিপি জানান, ২০১৯ সালের ২৫ সেপ্টেম্বর সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং ইউনিয়নের মোহাম্মদপুর এলাকায় হেরোইন বিক্রির অভিযোগ পেয়ে সেখানে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ।
অভিযানে আব্দুল মালেক লিটনের রান্নাঘরের দরজার পাশে স্কুলব্যাগে থাকা ১ কেজি হেরোইন ও হেরোইন সেবনের বিভিন্ন উপকরণ জব্দ করা হয়। এ সময় বসতঘরের খাটের নীচে লুকিয়ে থাকা অবস্থায় সোহেল বুনার্জী ও মাসুম আহমদ আটক হন। এ ঘটনায় গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে গোয়াইনঘাট থানায় মামলা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা ওই থানার উপপরিদর্শক মোহাম্মদ আব্দুল আউয়াল ২০২০ সালের ৩০ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। চলতি বছরের ১৭ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের পর বিচার কাজ শুরু হয়। এ মামলায় ২২ জনের সাক্ষ্য নেওয়া শেষে আদালতের বিচারক রায় ঘোষণা করেন বলে পিপি নিজাম উদ্দিন জানান।
