ভাঙ্গায় সেনাবাহিনীর হস্তক্ষেপে দখলমুক্ত হল বাস কাউন্টার
ভাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বলেন, “আমি বৃদ্ধ মানুষ, ওইসব বাস কাউন্টারের কাছেও যাই না কখনো, দখলতো দূরের কথা।”
ফরিদপুরের ভাঙ্গায় সেনাবাহিনীর হস্তক্ষেপে দখলদারদের হাত থেকে কয়েকটি বাস কাউন্টার দখলমুক্ত হয়েছে।
রোববার সকালে ঢাকা-খুলনা-ভাঙ্গা মহাসড়কের পৌরসভা সংলগ্ন সড়কের পাশে থাকা কাউন্টারগুলো দখলমুক্ত করেন সেনাবাহিনীর সদস্যরা।
অভিযোগ রয়েছে, রাজনৈতিক পট পরিবর্তনের সুযোগে ভাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মুন্সীর নির্দেশে পৌর এলাকায় বিভিন্ন স্থাপনাসহ পরিবহন কাউন্টারের ঘরগুলো দখলে নেয় তার লোকজন।
তবে তিনি এ অভিযোগ অস্বীকার করেছেন।
স্থানীয়রা জানান, গত ৫ অগাস্ট বিকালের পর থেকে পৌর এলাকায় বাসের কাউন্টার ঘর দখলসহ মহাসড়কে বিভিন্ন চাঁদাবাজির জন্য সক্রিয় হয়ে উঠেছেন উপজেলা বিএনপি ও সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য নিক্সন চৌধুরীর অনুসারীরা।
এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে ভাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মুন্সীসহ কয়েকজন শ্রমিক গত ১৩ অগাস্ট উপজেলা নির্বাহী অফিসার, ফরিদপুর সেনাবাহিনীর ক্যাম্পসহ সংশ্লিষ্ট কয়েকটি দপ্তরে লিখিত অভিযোগ দেন।
এরপর সেনাবাহিনীর হস্তক্ষেপে বাস কাউন্টারগুলি দখলমুক্ত হয়।
পরে পুনরায় প্রকৃত বরাদ্দপত্রের শ্রমিকেরা কাউন্টারগুলো বুঝে পান। এতে সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শ্রমিকরা।
আছাদ মাতুব্বর নামে এক পরিবহন শ্রমিক বলেন, গত ৫ অগাস্ট দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের সুযোগে ভাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান মুন্সির নির্দেশে তার লোকজন, সাবেক এমপি নিক্সন চৌধুরীর সমর্থিতসহ অজ্ঞাতনামা ১৫-২০ জন লোক সংঘবদ্ধ হয়ে তাদের ওপর হামলা চালায়। পরে তাদের কয়েকটি কাউন্টারের ঘর জোর করে দখলে নেয় হামলাকারীরা।
ভুক্তভোগী কয়েকজন শ্রমিক জানান, প্রয়োজনীয় কাগজপত্র থাকার পরও রাজনৈতিক পট পরিবর্তনের সুযোগে তাদের বাস কাউন্টারগুলো জোর করে দখলে নেয় হামলাকারীরা।
বিষয়টি নিয়ে প্রয়োজনীয় কাগজপত্রসহ অভিযোগ দেওয়ার পর ঘটনাস্থলে গিয়ে সেনাবাহিনীর কর্মকর্তারা অভিযোগের সত্যতা পান।
এরপর অবৈধ দখলদারদের দুদিনের মধ্যে কাউন্টার ছাড়ার আল্টিমেটাম দেন সেনাবাহিনীর কর্মকর্তারা।
শ্রমিক শরীফ মাতুব্বর জানান, দুদিন পার না হতেই দখলদাররা কাউন্টার ত্যাগ করেন।
ভাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান মুন্সী তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি বৃদ্ধ মানুষ, ওইসব বাস কাউন্টারের কাছেও যাই না কখনো, দখলতো দূরের কথা।”
