Published : 08 May 2026, 06:20 PM
কিশোরগঞ্জের কটিয়াদীতে রাতের আঁধারে এক কৃষকের ১৪ শতক জমির পুরো মরিচ ক্ষেত বিনষ্টের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার রাতের কোনো এক সময়ে উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের বাঘবের উমেদপুর গ্রামের কৃষক ইমাম হোসেন খোকনের ক্ষেতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কটিয়াদী মডেল থানার ওসি রফিকুল ইসলাম।
শুক্রবার সকালে খোকন জমিতে গিয়ে দেখেন কে বা কারা মরিচের সব গাছ মাটি থেকে তুলে উপরের অংশ ভেঙে ফেলে রেখে গেছে। ধ্বংস হওয়া ক্ষেত দেখে দিশেহারা হয়ে পড়েন তিনি।
ফসল হারানোর শোকে মাতম করতে করতে তিনি বলেন, “আমার সাথে কারও কোনো ধরণের শত্রুতা নেই। কিন্তু কারা এই সর্বনাশ করল, কিছুই জানি না বা বুঝতে পারছি না। ফসল নষ্ট হওয়ায় আমার বিশাল ক্ষতি হয়ে গেল।”
লাভের আশায় হাইব্রিড উচ্চ ফলনশীল মরিচের চাষ করেছিলেন জানিয়ে তিনি বলেন, প্রায় আড়াই মাস আগে বগুড়া থেকে বিদেশি জাতের মরিচের চারা এনে ১৪ শতক জমিতে চাষাবাদ করেন। ফলন ভালো হওয়ায় ভালো লাভের স্বপ্ন দেখছিলেন তিনি। এক সপ্তাহ পরে মরিচ বাজারে বিক্রি করার পরিকল্পনাও করেছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, “নিন্দনীয় এই কাজের সাথে যারা জড়িত, তারা কৃষকের পাশাপাশি মানুষের খাদ্যেরও ক্ষতি করেছে। তাদের বিচার হওয়া প্রয়োজন।”
এছাড়া ক্ষতিগ্রস্ত কৃষক ইমাম হোসেনের ক্ষতি কিছুটা পুষিয়ে দিতে প্রণোদনা দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন এই কৃষি কর্মকর্তা।
কটিয়াদী মডেল থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ফসল বিনষ্টের ঘটনায় কে বা কারা জড়িত এ ব্যাপারে কোনো ধারণা পাওয়া যায়নি। কৃষকের লিখিত অভিযোগ পেলেই তদন্ত করে ফসল বিনষ্টকারীদের আইনের আওতায় আনার প্রক্রিয়া শুরু হবে।