১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ইভিএমেও আস্থা আনতে হবে: ইসি রাশিদা

আগামী ২৭ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।

ইভিএমেও আস্থা আনতে হবে: ইসি রাশিদা

নির্বাচন কমিশনার বেগম রাশিদা সুলতানা

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2022, 07:56 PM

Updated : 26 Nov 2022, 07:55 PM

ইভিএম দিয়ে কোনো প্রকার কারসাজির সুযোগ নেই দাবি করে নির্বাচন কমিশনার বেগম রাশিদা সুলতানা বলেছেন, কমিশনের মত ইভিএমেও ভোটারদের আস্থা আনতে হবে।

শনিবার (২৬ নভেম্বর) দুপুরে রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এভিএমের ভেতর ‘ম্যানিপুলেট’ করার কোনো সুযোগই নেই দাবি করে তিনি বলেন, “এটা নিশ্চিত হয়েই আমরা প্রায় দেড়শ আসনে এভিএমে জাতীয় নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি।”

এ সময় রাশিদা সুলতানা বলেন, “আমরা বসার পর থেকেই শুনছি যে, নির্বাচন কমিশনের প্রতি আস্থা নেই। শুধু নির্বাচন কমিশন একা আস্থা তৈরি করবে তা নয়, সবাইকে আস্থা তৈরি করতে হবে। কারো না কারোর প্রতি বিশ্বাস থাকতে হবে। আমরা ভালো ও গ্রহণযোগ্য নির্বাচন করতে চাই, এ আস্থা-বিশ্বাস মনের ভেতর আনতে হবে।”

আগামী ২৭ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।

এতে ইভিএম নিয়ে একজন প্রার্থীর শঙ্কার বিষয়ে রাশিদা সুলতানা বলেন, “শুধু উনি কেন, ইভিএম নিয়ে অনেকেই শঙ্কা প্রকাশ করেছেন।

আমরা আসার পর ব্যাপকভাবে ইভিএমের পরীক্ষা-নিরীক্ষা করেছি। ইউনিয়ন পরিষদ, পৌরসভাসহ বিভিন্ন নির্বাচনে ইভিএমের ব্যবহার করেছি। ইভিএম বা যন্ত্রে কিন্তু কোনো ত্রুটি নেই।”

যন্ত্র কখনও খারাপ হয় না উল্লেখ করে ইসি বলেন, “এর পেছনে হয়তো কেউ কেউ দুষ্কর্ম করতে চান। আমরা নির্বাচন কমিশন থেকে এমন দুষ্কর্মকে কখনো প্রশ্রয় দেইনি, দেবও না। অন্তত নির্বাচন কমিশনের প্রতি এটুকু আস্থা রাখতে পারেন।”

রংপুর সিটি নির্বাচনকে শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ করা হবে জানিয়ে রাশিদা সুলতানা বলেন, “আমরা এ নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। নির্বাচন সফল করতে যা যা করা দরকার সব উদ্যোগ নেওয়া হয়েছে।

“সারাদেশে রংপুরের সুনাম আছে। সেই সুনাম অক্ষুণ্ণ রাখার চেষ্টা করছি।”

এজন্য রংপুর সিটি করপোরেশনে অংশ নেওয়া সব প্রার্থী, ভোটারসহ নগরবাসীর সহযোগিতা কামনা করেন বেগম রাশিদা সুলতানা।