২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় নৌকার ছয়ে ছয়

রিটার্নিং কর্মকর্তা খন্দকার ইয়াসির আরেফীন এ ফল ঘোষণা করেন।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2024, 10:41 AM

Updated : 08 Jan 2024, 11:40 AM

একাদশের ধারা বজায় রেখে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনার ছয়টি আসনের মধ্যে সবগুলোতে আওয়ামী লীগের প্রার্থী জয়ী হয়েছেন। 

ভোট গণনা শেষে খুলনার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা খন্দকার ইয়াসির আরেফীন তার কার্যালয়ে রোববার রাতে এ ফল ঘোষণা করেন। 

ছয় আসনের মধ্যে চারটিতেই দ্বিতীয় অবস্থানে আছেন স্বতন্ত্র প্রার্থীরা; আর দুইটিতে আছে জাতীয় পার্টির প্রার্থী। 

বিজয়ীরা হলেন-খুলনা-১ (দাকোপ ও বটিয়াঘাটা) আসনে ননী গোপাল মন্ডল, খুলনা-২ (খুলনা সদর ও সোনাডাঙ্গা) আসনের শেখ সালাউদ্দিন জুয়েল, খুলনা-৩ (খালিশপুর, দৌলতপুর ও খানজাহান আলী) আসনের এসএম কামাল হোসেন, খুলনা-৪ (রূপসা, তেরখাদা ও দিঘলিয়া) আসন থেকে আব্দুস সালাম মুর্শেদী, খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনের নারায়ণ চন্দ্র চন্দ এবং খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের মো. রশীদুজ্জামান।

বেসরকারি ফলাফলে খুলনা-১ আসন থেকে ননী গোপাল মন্ডল ১ লাখ ৪২ হাজার ৫১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন; তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী প্রশান্ত রায় ঈগল প্রতীক নিয়ে নির্বাচন করে পেয়েছেন ৫ হাজার ২৬২ ভোট। 

খুলনা-২ আসনের নৌকার প্রার্থী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাত ভাই শেখ সালাহউদ্দিন ৯৯ হাজার ৮৬৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। লাঙ্গল প্রতীকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. গাউসুল আজম পেয়েছেন ৩ হাজার ৮৪১ ভোট। 

খুলনা-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী এসএম কামাল হোসেন নির্বাচিত হয়েছেন ৯০ হাজার ৯৯৯ ভোট পেয়ে; তার নিকটতম প্রার্থী জাতীয় পার্টির ম আব্দুল্লাহ আল মামুন এ আসন থেকে ৪ হাজার ৮৭৩ ভোট পেয়েছেন। 

খুলনা-৪ আসনে নির্বাচিত নৌকার প্রার্থী আব্দুস সালাম মুর্শেদী পেয়েছেন ৮৬ হাজার ১৯৪ ভোট; ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এসএম মোর্ত্তজা রশিদী দারা পেয়েছেন ৬০ হাজার ৮৯৩ ভোট। 

খুলনা-৫ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী নারায়ণ চন্দ্র চন্দ ১ লাখ ১০ হাজার ২১৯ ভোট পেয়েছেন জয় পেয়েছেন; তার নিকটতম ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শেখ আকরাম হোসেন পেয়েছেন ৯৩ হাজার ৭৭ ভোট। 

এছাড়া খুলনা-৬ আসনে নৌকার মো. রশিদুজ্জামান পেয়েছেন ১ লাখ ৩ হাজার ৩৩৯ ভোট; এই প্রার্থীর নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জি এম মাহবুবুল আলম পেয়েছেন ৫১ হাজার ৪৭৪ ভোট। 

এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও খুলনার ছয়টি সংসদীয় আসনে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের প্রার্থীরা জয়ী হয়েছিলেন।