সীমান্ত পেরিয়েছিলেন ‘মানসিকভাবে অসুস্থ’ মতিউর, ফিরলেন ২১ বছর পর
ভারতের স্বেচ্ছাসেবী সংগঠন শ্রদ্ধা ফাউন্ডেশনের মাধ্যমে ২১ বছর পর মতিউর নিজের পরিবারের কাছ ফিরলেন।
নিখোঁজের ২১ বছর পর সন্তানকে পেয়ে আনন্দে কাঁদতে শুরু করেন বাবা-মা। এতদিন পর ‘কলিজার টুকরাকে’ কাছে পেয়ে মায়ের আবেগঘন ভাষ্য, আল্লাহর কাছে আর কিছুই চাই না।
শুক্রবার দুপুরে তেতুলিয়ার বাংলাবান্ধা স্থলবন্দর হয়ে দেশে ফেরেন ‘মানসিকভাবে অসুস্থ’ অবস্থায় হারিয়ে যাওয়া মতিউর রহমান (৩৬)। একটি স্বেচ্ছাসেবী সংগঠনের চেষ্টায় প্রায় ২১ বছর পর সুস্থ হয়ে দেশে ফিরেছেন তিনি। এ সময় এক আবেগঘন মূহূর্ত তৈরি হয়।
ঠাকুরগাঁওয়ের আখানগর ইউনিয়নের দক্ষিণ দেবীডাঙ্গা গ্রামের শহীদুল ইসলামের ছেলে মতিউর ২০০২ সালে ‘মানসিকভাবে অসুস্থ’ অবস্থায় নিখোঁজ হন। বর্তমানে তিনি সুস্থ হলেও ওই সময়ে কীভাবে ভারতে গিয়েছেন তা মনে করতে পারছেন না বলে জানিয়েছেন।
বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টের ওসি মো. খায়রুল ইসলাম বলেন, “মতিউরের বাবার আবেদনের পরিপ্রেক্ষিতে দুই দেশের হাই কমিশনার পর্যায়ে আলোচনার মাধ্যমে বিশেষ ব্যবস্থায় ভারত থেকে তাকে ফেরত আনা হয়েছে। ভারতের ফুলবাড়ি ইমিগ্রেশন পুলিশ আমাদের কাছে তাকে হস্তান্তর করে। আইনি প্রক্রিয়া শেষে ভারতের একটি বেসরকারি সংস্থার মাধ্যমে তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
তার পরিবারের বরাতে আখানগর ইউপি সদস্য হুমাযুন কবির বলেন, “নবম শ্রেণীর শিক্ষার্থী থাকাকালীন সে নিখোঁজ হয়। পরিবারের ধারণা ছিল, ঠাকুরগাঁওয়ের আখানগর ইউনিয়নের কান্তিভিটা ধোনতলা সীমান্ত হয়ে ভারতের পাচির সীমান্ত এলাকা দিয়ে ভারতের উত্তর দিনাজপুরে প্রবেশ করে সে। তবে ওই সময় অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।
ছেলেকে ফিরে পাওয়ার অপেক্ষা থেকে বিচ্যুতি হননি জানিয়ে তিনি বলেন, “শুক্রবার বিকালে ভারত থেকে দেশে ফেরেন মতিউর। পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর হয়ে দেশে এলে তাকে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে তুলে দেয় ইমিগ্রেশন পুলিশ।”
পরিবারের সদসদের বরাতে এই জনপ্রতিনিধি আরও জানান, ২০১৯ সালের জুনে ভারতের মহারাষ্ট্র থেকে মতিউর রহমানকে ‘শ্রদ্ধা পুনর্বাসন ফাউন্ডেশন’ নামে স্বেচ্ছাসেবীর কয়েকজন কর্মী উদ্ধার করে। পরে তারা মতিউরের শারীরিক ও মানসিক স্বাস্থ্য পরীক্ষা করায়। এরপর তাকে সিজোফ্রেনিয়া রোগী হিসেবে শনাক্ত করা হয়।
“সংস্থাটির তত্ত্বাবধানে গত ডিসেম্বরের দিকে মতিউর প্রায় সুস্থ হয়ে উঠেন। সুস্থতার পর তার কাছেই পরিবারের কথা জানতে পারেন স্বেচ্ছাসেবী কর্মীরা। এরপর সেখানকার সমাজকর্মী নীতিশ শর্মা বাংলাদেশের তার দুই বন্ধুর মাধ্যমে মতিউরের পরিবারের খোঁজ পান। দুই দেশের আইনি প্রক্রিয়া শেষে তাকে ফেরত আনা হয়।”
এদিকে ২১ বছর পর দেশে প্রবেশ করে মতিউর রহমান বলেন, “আমি কখন, কীভাবে ভারতে গিয়েছি এর কিছুই মনে নেই। ভারতে শ্রদ্ধা ফাউন্ডেশন সংস্থার মাধ্যমে আমার চিকিৎসা দেওয়া হয়েছে। এরপর আমি আমার পরিচয় দিলে তারাই দেশে ফেরানোর ব্যবস্থা করেন। দীর্ঘদিন পর দেশে আসতে পেরেছি, বাবা-মাকে কাছে পেয়েছি। আমার আর কিছু চাওয়ার নেই।”
এদিকে এতদিন পর ছেলেকে পেয়ে আবেগাপ্লুত হয়ে মতিউরের মা মর্জিনা বেগম বলেন, “আমি আমার হারানো কলিজার টুকরাকে কাছে পেয়েছি। আল্লাহর কাছে আর কিছুই চাই না। যারা আমার ছেলেকে উদ্ধার করে চিকিৎসা করে আমাদের কাছে ফেরত দিয়েছে তাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ থাকব।”
মতিউর হারিয়ে যাওয়ার সময় তার ছোটবোন সাইফুন নাহার চতুর্থ শ্রেণীতে পড়ত। বর্তমানে দুই সন্তানের এই জননী বলেন, “ভাই হারিয়ে যাওয়ার সময় আমি চতুর্থ শ্রেণিতে পড়তাম। কয়েক বছর আগে আমার বিয়ে হয়েছে, দুই ছেলের মা হয়েছি। দীর্ঘদিন পর ভাইকে ফেরত পেয়েছি। আজকে মনে হয়েছে যেন ঈদের দিন।”
শ্রদ্ধা ফাউন্ডেশনের কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মতিউর রহমানের বাবা শহিদুল ইসলাম বলেন, “আমার ছেলে মানসিকভাবে অসুস্থ ছিল। ২০০২ সালে তার বয়স ১৫ বছর ছিল। তখন সে নিখোঁজ হয়। আট মাস আগে জানতে পারি সে ভারতের শ্রদ্ধা পুর্নবাসন ফাউন্ডেশন নামে একটি সংস্থার তত্ত্বাবধানে রয়েছে।
“তাদের তত্ত্বাবধানে সে সুস্থ হয়েছে। দীর্ঘদিন পর ছেলে ফেরত পাওয়ার জন্য আমি বাংলাদেশ সরকার, ভারতসহ সেখানকার শ্রদ্ধা ফাউন্ডেশনের সমাজকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
এ বিষয়ে ভারতের শ্রদ্ধা পুনর্বাসন ফাউন্ডেশন এর সমাজকর্মী নিতীশ শর্মা বলেন, “আমরা মুলত রাস্তাঘাটে মানসিক অসুস্থদের উদ্ধার করে চিকিৎসা ও পুনর্বাসন করি। সুস্থতার পর এমন অনেককে ভারতের বিভিন্ন এলাকায় তাদের পরিবারের কাছে পৌঁছে দিয়েছি।
“২০১৯ সালে আমরা মহারাষ্ট্র থেকে রাস্তায় ঘোরাঘুরির সময় মতিউর রহমানকে উদ্ধার করি। পরে তার কাছে পরিবারের খোঁজ নেওয়া হয়।
“এর আগে নেপালেও আমরা কয়েকজনকে সুস্থ করে পরিবারের কাছে ফেরত দিয়েছি। তবে এবারই প্রথম কোনো বাংলাদেশের অসুস্থ মানুষকে ভারতে উদ্ধার করে চিকিৎসার পর দেশে ফেরত দেওয়া হল।”
