ইছামতি নদীতে নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার
ইছামতি নদীর খেয়াঘাটে পরিত্যক্ত একটি নৌকা নিয়ে খেলা করার সময় সে নদীতে পড়ে যায়।
সিরাজগঞ্জের সদর উপজেলার ইছামতি নদীতে পড়ে গিয়ে নিখোঁজের একদিন পর এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
কাজিপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন লিডার মেহরুল ইসলাম জানান, শুক্রবার সকালে উপজেলার রতনকান্দি ইউনিয়নের একডালা দক্ষিণ খেয়াঘাট থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
মৃত আট বছর বয়সী নিরব একডালা দক্ষিণপাড়ার নিমাই চন্দ্রের ছেলে এবং স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র ছিলো।
মেহরুল বলেন, বৃহস্পতিবার বিকালে ইছামতি নদীর খেয়াঘাটে পরিত্যক্ত একটি নৌকা নিয়ে খেলা করছিলো নিরব। এ সময় হঠাৎ সে নদীতে পড়ে যায়। পরে তার আর কোনো খোঁজ না পেয়ে বাড়ির লোকজন কাজিপুর ফায়ার সার্ভিসে খবর দেয়। তাদের একটি দল গিয়ে শিশুটিকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়।
এরপর রাজশাহী থেকে ডুবুরি দল গিয়ে নদীতে তল্লাশি চালিয়ে শিশুটির লাশ উদ্ধার করে বলে জানান এ ফায়ার সার্ভিসের কর্মকর্তা।
তিনি বলেন, শিশুটির লাশ স্বজনদের কাছে হস্তান্তর করেছেন তারা।
