বেনাপোলে একদিনে ৩ কেজি স্বর্ণ উদ্ধার, ২ ‘পাচারকারী’ আটক
দুটি পৃথক অভিযানে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।
যশোরের বেনাপোল সীমান্ত থেকে একদিনে দুটি অভিযানে তিন কেজি ১৬০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে; এ সময় দুজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার রাতে পুটখালি মসজিদ বাড়ি এলাকা এবং দিনে মালিপুতা এলাকা থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয় বলে বিজিবি জানিয়েছে।
আটকরা হলেন- বেনাপোলের ছোট আঁচড়া গ্রামের আশা (২৮) এবং বেনাপোলের নামাজ গ্রামের সোহানুর রহমান বিশাল (২৭)।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান বলেন, রাত সাড়ে ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে পুটখালি সীমান্তে অভিযান চালায় বিজিবির টহলদল। এ সময় মসজিদ বাড়ি পোস্টে দুই যাত্রীসহ একটি প্রাইভেটকারকে আটক করা হয়।
“প্রাইভেটকারে তল্লাশি করে পিছনের আসনের পাপোসের নিচে লুকিয়ে রাখা একটি স্বর্ণের বার পাওয়া যায়। এর ওজন এক কেজি ৬০ গ্রাম; যার বাজার মূল্য ৭৪ লাখ ৪৪ হাজার টাকা। যাত্রী দুজনকে আটক করা হয়েছে।”
এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানান এই বিজিবি কর্মকর্তা।
অপরদিকে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী বলেন, বেনাপোলের মালিপুতা এলাকায় একটি মোটরসাইকেল থেকে ১৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। এর ওজন দুই কেজি ১০০ গ্রাম; যার বাজার মূল্য এক কোটি ৬৮ লাখ টাকা।
শাহেদ মিনহাজ সিদ্দিকী আরও বলেন, যশোর-বেনাপোল মহাসড়কের আমড়াখালি বিজিবি পোস্টে এক মোটরসাইকেল আরোহীকে থামার সংকেত দেওয়া হয়। তখন তিনি মোটরসাইকেল রেখে পালিয়ে যান। পরে মোটরসাইকেল তল্লাশি করে ১৮টি স্বর্ণের বার পাওয়া যায়।
