২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ভোটে আওয়ামী লীগকে জেতাতে হবে, বক্তব্য আরেক ওসির

স্থানীয় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বলছেন, এটা ওসির ‘ব্যক্তিগত মতামত’।

ভোটে আওয়ামী লীগকে জেতাতে হবে, বক্তব্য আরেক ওসির

দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি শ্যামল চন্দ্র ধর।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2023, 12:22 AM

Updated : 25 Aug 2023, 03:28 PM

আগামী নির্বাচনে আওয়ামী লীগকে আবার বিজয়ী করতে হবে, জামালপুরের দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি শ্যামল চন্দ্র ধরের এমন বক্তব্যের ভিডিও ঘুরছে সোশাল মিডিয়ায়। 

গত ১৫ অগাস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে দেওয়ানগঞ্জ পৌরসভা আয়োজিত দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে তিনি এমন বক্তব্য দেন। 

এক সপ্তাহ পর ওই অনুষ্ঠানে ওসির দেওয়া বক্তব্যের একটি ভিডিও ক্লিপ ফেইসবুকে ভাইরাল হয়েছে। সেখানে শ্যামলকে পুলিশের পোশাকেই বক্তব্য দিতে দেখা গেছে। 

তিনি বলছিলেন, “সামনে আমাদের নির্বাচন আসছে। আপনারা সবাই সতর্ক দৃষ্টি রেখে আমাদের দলের কাজ করে আগামী সরকার, যাতে আমরা পুনরায় আওয়ামী লীগ সরকারকে বিপুল ভোটে জয়ী করতে পারি, সেই প্রত্যাশা রেখে সবাইকে আমার সালাম দিয়ে শেষ করলাম আজকের বক্তব্য।” 

প্রজাতন্ত্রের কর্মচারী হয়ে কীভাবে ওসি একটি রাজনৈতিক দলের পক্ষে বক্তব্য দিলেন, তা নিয়ে জামালপুরে চলছে আলোচনা-সমালোচনা। 

এবিষয়ে কথা বলতে ওসি শ্যামল ধরের মোবাইল ফোনে বৃহস্পতিবার বার বার কল দেওয়া হলেও তিনি ধরেননি। 

অবশ্য এর আগে স্থানীয় এক সাংবাদিকের সঙ্গে কথা বলেছিলেন তিনি। ওই সাংবাদিককে তিনি বলেন, “এ বিষয়ে তো বক্তব্য আছেই, আমার আর বক্তব্য কিসের? তা এইডার পিছে আপনারা লাগছেন কেন?”

ওসির এ বক্তব্যকে তার ‘ব্যক্তিগত মতামত’ বলছেন জামালপুরের দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুমন কান্তি চৌধুরী। 

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এটি ওসির ব্যক্তিগত মতামত। এ বিষয়ে আমার কোনো মতামত নেই।” 

এর আগে ১৫ অগাস্ট কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় জাতীয় শোক দিবসের আলোচনা সভায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে আবার ভোট দিয়ে নির্বাচিত করার কথা বলেছিলেন স্থানীয় ওসি মো. ফারুক হোসেন। 

সেসময় তার ভোট চাওয়ার ভিডিওটিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে তাকে বদলি করা হয়।

আরও পড়ুন:

পুরনো খবর:

অর্থমন্ত্রীকে নির্বাচিত করার আহ্বান ওসির, ভিডিও ভাইরাল