২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি: ফরিদপুরে নারীসহ গ্রেপ্তার ৭

মাদরাসায় নানা অনিয়ম ও দুর্নীতি চলছে, এমন অভিযোগ তুলে অধ্যক্ষের কাছে টাকা দাবি করেন তারা।

সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি: ফরিদপুরে নারীসহ গ্রেপ্তার ৭

চাঁদাবাজির অভিযোগে আটককৃতরা

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2022, 02:32 PM

Updated : 13 Oct 2022, 02:32 PM

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে মামলায় নারীসহ সাত জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার রাতে পৌরসভার বাকাইল এতিমখানা মাদ্রাসা এলাকা থেকে আলফাডাঙ্গা থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে বলে জানিয়েছেন ফরিদপুরের মধুখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার সুমন কর। 

আটকরা হলেন, রাকিবুল হায়দার, রেজাউল করিম খান, আরাফাত হোসেন, শামীম হোসেন, গাড়ির চালক আতাউর রহমান, জীবনী ও সোমা পারভিন। তারা গাজীপুর, নোয়াখালী, জামালপুর ও শেরপুরের বিভিন্ন উপজেলার বাসিন্দা। 

তাদের কাছ থেকে জব্দ করা হয় দৈনিক প্রথম বেলা, দৈনিক বিজয় বাংলা, দৈনিক নাগরিক ভাবনাসহ বিভিন্ন দৈনিক পত্রিকার একাধিক পরিচয় পত্র (আইডি কার্ড), ক্যামেরা, পাঁচটি মোবাইল ফোন ও চার্জার। এছাড়া তাদের বহনকারী একটি নোয়া গাড়িও জব্দ করা হয়। 

লিখিত অভিযোগের বরাতে বৃহস্পতিবার দুপুরে সহকারী পুলিশ সুপার সুমন কর জানান, আটকরা বুধবার বিকালে উপজেলার ইউসুবেরবাগ মাদরাসা ও এতিমখানায় গিয়ে সমাজসেবা মন্ত্রণালয় থেকে অডিট করার জন্য এসেছেন বলে জানিয়েছিলেন। তারা নিজেদের ম্যাজিস্ট্রেট ও সাংবাদিক পরিচয় দিয়ে মাদরাসার অধক্ষ্যের কাছে বিভিন্ন তথ্য জানতে চান।

এক পর্যায়ে মাদ্রাসায় নানা অনিয়ম ও দুর্নীতি চলছে, এমন অভিযোগ তুলে অধ্যক্ষের কাছে টাকা দাবি করেন তারা। এ সময় ‘অডিট করার বিল’ বাবদ নগদ তিন হাজার টাকাও নেন। আরও ৪০ হাজার টাকা দাবি করেন, যা দুই দিনের মধ্যে বিকাশের মাধ্যমে পরিশোধ করতে বলা হয়।

একই কায়দায় উপজেলার পৌরসভার বাকাইল এতিমখানা মাদ্রাসায় গিয়ে অধ্যক্ষ হাফেজ মো. ইদ্রিস আলীকে বিভিন্ন প্রশ্ন করে টাকা হাতানোর চেষ্টা করেন। 

কিন্তু মাদ্রাসা কর্তৃপক্ষের বিষয়টি সন্দেহ হলে তাৎক্ষণিক স্থানীয় লোকজন ও সাংবাদিকদের জানানো হয়। তাদের কাছে থাকা আইডি কার্ড যাচাই করে দেখা যায় সেগুলো ভুয়া। এসব মিথ্যা পরিচয়ে তারা অবৈধ অর্থ লাভের উদ্দেশ্যে ঢাকা থেকে আলফাডাঙ্গায় এসে বিভিন্ন মাদ্রাসায় প্রতারণা করে টাকা দাবি করছে। 

পরে স্থানীয় লোকজন ও সাংবাদিকরা খবর দিলে রাতে পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে। 

বুধবার রাতে ইউসুবেরবাগ গোরস্থান মাদ্রাসা ও এতিখানার অধ্যক্ষ মাওলানা মো. শরফুদ্দিন মোল্যা আটকদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পরে পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা করে। 

সহকারী পুলিশ সুপার সুমন কর আরও জানান, বৃহস্পতিবার তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।