২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিকে গুলি করে হত্যার খবর

সোমবার বাংলাদেশ সময় রাত ১২টার দিকে জোহানেসবার্গে নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে শামীমকে গুলি করা হয় বলে বাবা আনিছ শিকদার জানান।  

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিকে গুলি করে হত্যার খবর

মাদারীপুরের শিবচরের মো. শামীম শিকদার।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2023, 08:11 PM

Updated : 11 Jul 2023, 08:11 PM

দক্ষিণ আফ্রিকায় চাঁদা না দেওয়ায় মাদারীপুরের শিবচরের এক প্রবাসীকে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। 

নিহত চল্লিশোর্ধ্ব মো. শামীম শিকদার শিবচর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ঠেঙ্গামারা গ্রামের মো. আনিছ শিকদারের মেঝ ছেলে। তার স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে দেশে থাকত। 

সোমবার বাংলাদেশ সময় রাত ১২টার দিকে জোহানেসবার্গে নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে শামীমকে গুলি করা হয় বলে বাবা আনিছ শিকদার জানান।   

নিহতের চাচাতো ভাই আব্দুল জলিল শিকদার মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের বলেন, প্রায় ১৪ বছর ধরে আফ্রিকায় থাকতেন শামীম। সেখানে তিনি মুদি দোকান চালাতেন। গত বছরের অক্টোবরে তিনি দেশে এসেছিলেন। সোমবার রাতে সন্ত্রাসীরা তার কাছে এসে মোটা অংকের চাঁদা দাবি করে। সেই টাকা দিতে না চাওয়ায় তাকে গুলি করে সন্ত্রাসীরা। 

জোহানেসবার্গের প্রবাসী বাংলাদেশিদের বরাত দিয়ে আব্দুল জলিল বলেন, সন্ত্রাসীরা চলে যাওয়ার পর শামীমকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

মঙ্গলবার সকালে প্রবাসীদের মাধ্যমে শামীমের পরিবার এই সংবাদ পায়। তখন বাড়িতে শোকের মাতম পড়ে। 

শামীমের স্ত্রী সৈয়দা নাসিমা আক্তার সাংবাদিকদের বলেন, “আমার সন্তানরা এতিম হয়ে গেল। আমরা এখন কীভাবে বাঁচবো। আমাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন আমার স্বামী।” 

নিহতের বড় ছেলে আরিফ বলেন, “আমার আব্বাকে বিদেশে সন্ত্রাসীরা মেরে ফেলেছে। এখন আব্বার লাশ যেন দ্রুত দেশে আনার ব্যবস্থা করা হয়, তার জন্য সরকারের সহযোগিতা চাই।” 

নিহতের বাবা আনিছ শিকদার বলেন, “শামীমের সঙ্গে প্রায় দিনই ফোনে কথা হইতো। সকালে শুনি আমার বাবায় আর নাই! এখন লাশটা আসুক এইটা চাই।” 

শিবচর থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, “আমরা নিহতের পরিবারের খোঁজ-খবর রাখছি। ওই বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে।”