২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুরাদনগরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে কোপাল ‘চাঁদাবাজ’

কিছুদিন ধরে স্থানীয় ১০/১২ জনের একটি চক্র এক লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল; কিন্তু ব্যবসায়ী আলমগীর চাঁদা দেননি।

মুরাদনগরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে কোপাল ‘চাঁদাবাজ’

প্রতীকী ছবি

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2023, 12:33 AM

Updated : 23 Feb 2023, 12:33 AM

কুমিল্লার মুরাদনগরে চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে।   

এ ঘটনায় বুধবার বিকালে উপজেলা বাঙ্গরা বাজার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন আলমগীর হোসেন নামের ওই ব্যবসায়ী।  

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন মেটংঘর বাস স্ট্যান্ডের ‘সততা ট্রেডার্সে’ ওই হামলা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।   

আলমগীর হোসেন বলেন, তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান সততা ট্রেডার্সে এসে বেশ কিছুদিন যাবত মেটংঘর এলাকার হাসনাবাদ গ্রামের মতিন, মিজান, আরাফাত, আদিবসহ ১০/১২ জনের একটি চক্র এক লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। কিন্তু তিনি তাদেরকে চাঁদা দিতে অপারগতা প্রকাশ করেন।

এতে ওই চাঁদাবাদ চক্র তার সঙ্গে দ্বন্দ্বে জড়াতে নানা কৌশল খুঁজছিল বলে তিনি অভিযোগে জানান। 

এর জেরে মঙ্গলবার সন্ধ্যায় চক্রটি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাকে কুপিয়ে রক্তাক্ত করে। 

মুরাদনগরের বাঙ্গরা বাজার থানার ওসি মো. রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, “আমরা লিখিত অভিযোগ পেয়ে জানতে পেরেছি ঘটনাটি পূর্ব বিরোধের জের ধরে ঘটেছে। ঘটনাটি তদন্ত করে জড়িতদের গ্রেপ্তার এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”  

এ বিষয়ে জানতে আসামিদের সঙ্গে যোগাযোগ করা হলেও তাদের পাওয়া যায়নি। থানায় অভিযোগ হওয়ার পর তারা এলাকা থেকে গা-ঢাকা দিয়েছেন বলে জানিয়েছে স্থানীয়রা।