কুমিল্লায় ১৩ গুণী সাংবাদিককে সন্মাননা
“সাংবাদিকরা হলো জাতির বিবেক। সাংবাদিকরা চাইলে সমাজকে বদলে দিতে পারেন।“
কুমিল্লার ১৩ উপজেলার ১৩ গুণী সাংবাদিককে ‘আপনজন সন্মাননা’ প্রদান করা হয়েছে। বাংলাদেশ সাংবাদিক সমিতি-কুমিল্লা জেলার আয়োজনে তাদের সন্মাননা প্রদান করা হয়।
শনিবার বিকালে নগরীর রাজগঞ্জ এলাকার ক্যাপসিকাম পার্টি সেন্টারে এ আয়োজন করা হয়। একই সঙ্গে সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সন্মাননা পাওয়া সাংবাদিকরা হলেন- দেবিদ্বারের এ বি এম আতিকুর রহমান বাশার, লাকসামের মোহাম্মদ আব্দুল কুদ্দুস, দাউদকান্দির হাবিবুর রহমান হাবিব, হোমনার এ টি এম মোর্শেদুল ইসলাম শাজু, নাঙ্গলকোটের মজিবুর রহমান মোল্লা, মুরাদনগরের শাহ আলম জাহাঙ্গীর, ব্রাহ্মণপাড়ার সৈয়দ আহাম্মদ লাভলু, বুড়িচংয়ের মোসলেহ উদ্দিন, চৌদ্দগ্রামের এম এ কুদ্দুস, চান্দিনার রিপন আহমেদ ভূঁইয়া, বরুড়ার মোহাম্মদ মাসুদ মজুমদার, মেঘনার মাহমুদুল হাসান বিপ্লব সিকদার এবং তিতাসের নাজমুল করিম ফারুক।
অনুষ্ঠানে সন্মাননাপ্রাপ্ত সাংবাদিকরা নিজেদের অনুভূতি প্রকাশ করেন এবং অতিথিরা তাদের হাতে ক্রেস্ট তুলে দেন।
এদিকে, আলোচনা শেষে বাংলাদেশ সাংবাদিক সমিতি-কুমিল্লা জেলা শাখার ২০২৩-২৫ বর্ষের কার্যনির্বাহী কমিটির নির্বাচিত সদস্যদের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও সাপ্তাহিক অভিবাদন সম্পাদক আবুল হাসানাত বাবুল।
সংগঠনের সভাপতি ইয়াসমীন রীমার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এফ এম আবদুল মঈন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড-কুমিল্লার চেয়ারম্যান অধ্যাপক জামাল নাছের, সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান ড. মো. তারিকুল ইসলাম চৌধুরী, অনুষ্ঠানের আয়োজন সহযাত্রী কুমিল্লার সান মেডিকেল সার্ভিসেসের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. আব্দুল লতিফ।
সমিতির সাধারণ সম্পাদক শাহাজাদা এমরানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশিষ্ট ছড়াকার ও বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক দুলাল, কুমিল্লা প্রেসক্লাব ও আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ নূর উর রহমান, সুশাসনের জন্য নাগরিক (সুজন) সভাপতি শাহ মোহাম্মদ আলমগীর খান, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কুমিল্লা অঞ্চলের সাধারণ সম্পাদক আলী আকবর মাছুম, দৈনিক ডাক প্রতিদিন সম্পাদক অধ্যক্ষ সফিকুর রহমান, সাংবাদিক সমিতির সহসভাপতি ওমর ফারুকী তাপস, যুগ্ম সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এফ এম আবদুল মঈন বলেন, “সাংবাদিকরা হলো জাতির বিবেক। সাংবাদিকরা চাইলে সমাজকে বদলে দিতে পারেন। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার গুণগত মান উন্নয়নে আপনাদের আমি সহযাত্রী হিসেবে পাশে চাই।
“সাংবাদিক সমিতি তৃণমূলের ১৩ জন গুণী সাংবাদিককে সন্মাননা জানিয়ে একটি মহৎ কাজ করেছে। এতে করে তৃণমূলে সততার সঙ্গে সাংবাদিকতা করা মানুষের সংখ্যা বাড়বে।”
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড-কুমিল্লার চেয়ারম্যান অধ্যাপক জামাল নাছের বলেন, “স্মার্ট বাংলাদেশ তৈরিতে গণমাধ্যমের ভূমিকা অগ্রগণ্য। সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে আমরা গুজবের বিরুদ্ধে সঠিক খবর জানতে পারি।”
