২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিখোঁজের ১০ দিন পর নদীতে মিলল দোকান কর্মচারীর লাশ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় গত ১৪ অগাস্ট বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন মোস্তফা।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2023, 07:18 PM

Updated : 24 Aug 2023, 07:18 PM

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা থেকে নিখোঁজের ১০ দিন পর নদীতে ভেসে উঠল এক দোকান কর্মচারীর মরদেহ।

বৃহস্পতিবার বিকালে উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের কাছে মাথাভাঙ্গা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে আলমডাঙ্গা থানার ওসি বিপ্লব কুমার নাথ জানান।

নিহত ২৪ বছর বয়সি মোস্তাফা হোসেন উপজেলার হারদী ইউনিয়নের মোড়ভাঙ্গা গ্রামের প্রয়াত হবিবর রহমানের ছেলে।

ওসি বিপ্লব কুমার বলেন, মোস্তফা গত ১৪ অগাস্ট বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। ঘটনার পরদিন আলমডাঙ্গা থানায় নিখোঁজের ডায়েরি করেন তার পরিবার।

বিকাল ৩টার দিকে নদীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে মোস্তফার স্বজনরা ঘটনাস্থলে গিয়ে পরনের পোষাক দেখে তার লাশ শনাক্ত করেন।

ওসি আরও বলেন, মোস্তফার মৃত্যু নিয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। ময়নাতদন্তের জন্য মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ওসি বিপ্লব কুমার।