২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

মাগুরায় বিএনপি নেতা হত্যা মামলায় সাবেক ওসি-এসআই কারাগারে

জুলাই অভ্যুত্থানের পর বিএনপি নেতার স্ত্রী কয়েকজনের বিরুদ্ধে আদালতে হত্যা মামলা করেন।

মাগুরায় বিএনপি নেতা হত্যা মামলায় সাবেক ওসি-এসআই কারাগারে

শালিখা থানার সাবেক ওসি বিপ্লব কুমার দেবনাথ ও সাবেক এসআই ইসমাইল হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 29 Oct 2026, 04:06 PM

Updated : 29 Oct 2026, 04:06 PM

মাগুরায় বিএনপি নেতাকে হত্যার মামলায় শালিখা থানার সাবেক ওসি ও সাবেক এসআইকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

বুধবার সন্ধ্যায় তাদের শালিখা আমলি আদালতে তোলা হলে বিচারক বর্ণালী রানী কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক কামরুজ্জামান।

২০১৫ সালের ১৫ ফেব্রুয়ারি শালিখা উপজেলায় বিএনপির এক বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। ওই সময় শালিখা থানার ওসি ছিলেন বিপ্লব কুমার দেবনাথ।

অভিযোগ রয়েছে, মিছিল ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল ও গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে মারা যান শতখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি মশিয়ার রহমান। তিনি উপজেলার ছয়ঘরিয়া গ্রামের বাসিন্দা ছিলেন।

পুলিশ জানায়, জুলাই অভ্যুত্থানের পর ২০২৪ সালের ১ অক্টোবর মশিয়ার রহমানের স্ত্রী হাসিনা বেগম সাবেক ওসি বিপ্লব কুমার দেবনাথ, এসআই ইসমাইল হোসেনসহ কয়েকজনের বিরুদ্ধে আদালতে হত্যা মামলা করেন।

পরে আদালত মামলাটি এজাহার হিসেবে নথিভুক্ত করার নির্দেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা কামরুজ্জামান বলেন, বিপ্লব কুমার দেবনাথ ও ইসমাইল হোসেন এ মামলার এজাহারভুক্ত আসামি। মঙ্গলবার রাতে বরিশাল নৌ-পুলিশে কর্মরত অবস্থায় তাদের গ্রেপ্তার করা হয়।