যশোরে কভার্ডভ্যান চাপায় ৫ মৃত্যু: চালক ও সহকারী আটক
দুর্ঘটনায় এক নিহতের ভাই বাদী হয়ে পরদিন সড়ক পরিবহন আইনে মণিরামপুর থানায় একটি মামলা করেছেন।
যশোর-মণিরামপুর সড়কে বেগারীতলায় কভার্ডভ্যান চাপায় পাঁচ নিহতের ঘটনায় যানটির চালক ও তার সহকারীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ থেকে তাদের আটক করা হয় বলে যশোরের মণিরামপুর থানার ওসি শেখ মো. মনিরুজ্জামান জানান।
আটক চালক আলমগীর হোসেন (২৩) নেত্রকোণার আটপাড়া উপজেলার মোবারকপুর বানিয়ানজানের সামছুল হকের ছেলে ও তার সহকারী আনোয়ার হোসেন (১৯) ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার সন্ধ্যাকুরার সহিদুল ইসলামের ছেলে।
গত ২ ডিসেম্বর সকাল সাড়ে ৭টার দিকে দ্রুতগামী একটি কভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে যশোর-সাতক্ষীরা সড়কের বেগারীতলা বাজারে একটি হোটেলে ঢুকে পড়লে এক শিশুসহ পাঁচ জন নিহত হয়।
এ ঘটনায় নিহতের মধ্যে হাবিবুর রহমানের ভাই ইব্রাহিম খলিল পরদিন (৩ ডিসেম্বর) সড়ক পরিবহন আইনে মণিরামপুর থানায় একটি মামলা করেছেন।
ওসি মনিরুজ্জামান জানান, ওই ঘটনার সময় চালক ও তার সহকারী পালিয়ে গিয়েছিলেন। বিভিন্ন তথ্যের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির সাহায্যে তাদের শনাক্ত করা হয়। মঙ্গলবার দুপুরে ময়মনসিংহের আলাদা স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সেখান থেকে সন্ধ্যায় তাদের মণিরামপুর থানায় নিয়ে আসা হয়।
তিনি আরও জানান, আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় – গাজীপুর থেকে বিস্কুট নিয়ে কভার্ডভ্যানটি সাতক্ষীরায় যাচ্ছিল। পথে বেগারীতলা বাজারে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তখন কভার্ডভ্যানটি রাস্তার পাশের একটি হোটেলে ঢুকে পড়ে।
আরও পড়ুন:
