২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সীমান্তের শূন্যরেখায় শেষবার বোনের মুখ দেখল বাংলাদেশি ভাই

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আজমতপুর সীমান্তে ভারতীয় নারীর লাশ দেখার সুযোগ করে দেয় বিজিবি-বিএসএফ।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2025, 08:34 PM

Updated : 26 Aug 2026, 05:05 PM

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সীমান্তে মানবিক এক দৃষ্টান্ত স্থাপন করেছে দুই দেশের সীমান্তরক্ষা বাহিনী। সীমান্তের শূন্যরেখায় শেষবার বোনের মুখ দেখল ভাই।

বিএসএফের সহযোগিতায় শনিবার আজমতপুর সীমান্তের ভারতীয় এক নারীর লাশ তার বাংলাদেশে থাকা আত্মীয়-স্বজনদের দেখার সুযোগ দেওয়া হয় বলে জানান ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।

শুক্রবার রাতে ভারতের মালদা জেলার গোলাপগঞ্জ থানার চকমাহিলপুর গ্রামের বাসিন্দা প্রয়াত গাজালুর রহমানের স্ত্রী সেলিনা বেগম বার্ধক্যজনিত কারণে মারা যান। 

খবর পেয়ে ভাই শিবগঞ্জ উপজেলার বাগিচাপাড়া গ্রামের বাসিন্দা মো. তোফাজ্জল হক বিজিবির কাছে বোনের লাশ দেখার জন্য আবেদন করেন।

বিজিবি তাৎক্ষণিকভাবে বিএসএফের সঙ্গে যোগাযোগ করে। পরে উভয়পক্ষের সম্মতিতে শনিবার সকালে আজমতপুর সীমান্তের শূন্যরেখায় লাশ দেখার ব্যবস্থা করা হয়। 

মহানন্দা ব্যাটালিয়নের ৫৯ বিজিবির সদস্যদের উপস্থিতিতে সীমান্ত পিলার ১৮২/২-এস এর কাছে লাশ দেখেন আত্মীয়রা। এ সময় আবেগআপ্লুত হয়ে পড়েন স্বজনরা। তারা বিজিবি ও বিএসএফের মানবিক ভূমিকার প্রশংসা করেন।

লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, “বিজিবি অত্যন্ত মানবিক একটি বাহিনী। এ ধরনের মানবিক কাজকে আমরা মৌলিক দায়িত্ব হিসেবে দেখি এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।”