২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় জমির বিরোধে বড় ভাই খুন, ছোট ভাই পলাতক

পরিদর্শক বলেন, জাহিদ ও মাসুম দুই ভাই মাদক মামলায় সাজাপ্রাপ্ত ছিলেন। সাজা খেটে বের হয়েছেন। 

কুমিল্লায় জমির বিরোধে বড় ভাই খুন, ছোট ভাই পলাতক

পারিবারিক বিরোধের জেরে কুমিল্লা নগরীতে একজনকে খুন করা হয়েছে। 

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2023, 09:29 PM

Updated : 28 Aug 2023, 09:29 PM

কুমিল্লা নগরীতে জমি নিয়ে পারিবারিক বিরোধের জেরে এক ব্যক্তিকে খুন করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। ঘটনার পর থেকে নিহতের ছোট ভাই পলাতক রয়েছেন।   

সোমবার বিকালে নগরীর গোবিন্দপুর রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার পরিদর্শক (তদন্ত) রকিবুল ইসলাম।

নিহত মো. জাহিদ (৪০) গোবিন্দপুর এলাকার মৃত আমিন মিয়ার ছেলে। তিনি পেশায় অটোরিকশা চালক ছিলেন।

ঘটনার পর থেকে নিহতের ছোট ভাই মো. মাসুম ওরফে ‘বিচ্ছু মাসুম’ পলাতক রয়েছেন।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, পারিবারিক সম্পত্তিসহ নানা কারণে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল। সোমবার বিকেলে জাহিদের বাড়িতে গিয়ে মাসুম বাকবিতণ্ডায় জড়ালে তাদের মধ্যে ঝগড়াঝাটি হয়।

এরপর গোবিন্দপুর রেলগেইট এলাকায় কাঁটাচামচ ও পাথর দিয়ে আঘাত করে জাহিদের ওপর হামলা চালায় মাসুম। এতে জাহিদের মাথা ফেটে যায়। ঘটনাস্থলেই তিনি মারা যান।

জাহিদের মেয়ে সনি আক্তার সুমাইয়া সাংবাদিকদের বলেন, “জায়গা, সম্পত্তি ও বাড়ি নিয়ে বাবা ও চাচার প্রায়ই ঝগড়া হত। বিকালে স্থানীয় একজন ফোন দিয়ে জানায়, মাসুম বাবাকে মেরে ফেলেছে।”

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার পরিদর্শক (তদন্ত) রকিবুল ইসলাম বলেন, “জাহিদ ও মাসুম দুই ভাই মাদকাসক্ত। তাদের বিরুদ্ধে মাদকের একাধিক মামলা রয়েছে। তারা মাদকের মামলায় সাজাপ্রাপ্ত ছিলেন; জেল খেটে বের হয়েছেন।

“তবে আজকের হত্যাকাণ্ড কী নিয়ে- তা তদন্ত করে দেখা হচ্ছে।”