২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউএনওর উপর হামলা: ইউপি চেয়ারম্যান বরখাস্ত

প্রজ্ঞাপনে বলা হয়, চেয়ারম্যানের বিরুদ্ধে প্রকল্পের কার্যক্রমে বাধা, আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরে ইন্ধনের প্রমাণ মিলেছে।

ইউএনওর উপর হামলা: ইউপি চেয়ারম্যান বরখাস্ত

ডুমাইন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ আসাদুজ্জামান।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2023, 12:31 AM

Updated : 10 May 2023, 12:31 AM

ফরিদপুরের মধুখালী উপজেলায় ইউএনও উপর হামলার আসামি ইউপি চেয়ারম্যানকে বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া এ ঘটনায় আরও দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

মঙ্গলবার দুপুরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব জেসমিন প্রধান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ডুমাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আসাদুজ্জামান তপনের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প আশ্রয়ণ-২ এর কার্যক্রমে বাধা প্রদান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরে ইন্ধন দেওয়ার বিষয়ে প্রমাণ পাওয়া গেছে।

এ বিষয়ে ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার বলেন, “স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে চেয়ারম্যানের বরখাস্তের একটি প্রজ্ঞাপন পাওয়া গেছে। এ বিষয়ে বিধি অনুয়ায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।”

দুইজন গ্রেপ্তারের বিষয়ে সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) সুমন কর বলেন, “হামলার ঘটনায় আরও দুইজনকে গ্রেপ্তার করেছি। এ পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করা হলো।”

এদিকে ঘটনার পর জেলা প্রশাসনের পক্ষ থেকে এক সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। তাদেরকে তিন কার্যদিবসের মধ্যে তদন্তের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছিল।

তবে তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) লিটন আলী বলেন, “তদন্তের কাজে আরও দুইদিন সময় নিয়েছি। আগামী বৃহস্পতিবার প্রতিবেদন জমা দেওয়া হবে।”

এর আগে ডুমাইন ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে আশ্রয়ণ প্রকল্পের জায়গা নিয়ে স্থানীয়দের সঙ্গে বিরোধ ছিল প্রশাসনের। এর জেরে বৃহস্পতিবার দুপুরে এলাকাবাসীর মানববন্ধন চলাকালে ইউএনও সেখানে গেলে কথা কাটাকাটির এক পর্যায়ে এলাকাবাসী মাইকিং করে লোক জড়ো করে হামলা চালায়।

এতে ইউএনও আশিকুর রহমান চৌধুরীসহ বেশ কয়েকজন আহত হন। এ সময় একটি সরকারি গাড়িতে ভাঙচুর চালানো হয়।

এ ঘটনায় মধুখালী থানার এসআই প্রবীর কুমার এবং ইউএনওর গাড়ি চালক সুমন শেখ বাদী হয়ে ২৭ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ২৫০ জনকে আসামি করে দুটি মামলা দায়ের করেন।

দুই মামলাতেই এক নম্বর আসামি করা হয় ডুমাইন ইউপি চেয়ারমান ও উপজেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য শাহ মোহাম্মাদ আসাদুজ্জামানকে। পরে পুলিশ শাহ মোহাম্মাদ আসাদুজ্জামানসহ চারজনকে গ্রেপ্তার করে।

এরপর সোমবার পুলিশ আদালতে আবেদন করলে ফরিদপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মারুফ হাসান ইউপি চেয়ারম্যান শাহ আসাদুজ্জামানের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আরও পড়ুন

পুরনো খবর:

ইউএনওর উপর হামলা: ইউপি চেয়ারম্যান দুই দিনের রিমান্ডে
ফরিদপুরে ইউএনওর উপর হামলা: ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৪
ফরিদপুরে আশ্রয়ণের জমির বিরোধে ‘মানববন্ধনে বাধা’, হামলায় আহত ইউএনও