শরীয়তপুরে আশ্রয়ণের জমির বিরোধে ভূমি কর্মকর্তাকে ‘মারধর’
হামলাকারীরা ভেদরগঞ্জ ইউএনও ও সহকারী কমিশনারের (ভুমি) সঙ্গে র্দুব্যবহার করেন বলেও অভিযোগ করা হয়।
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় আশ্রয়ণ প্রকল্পের জমি নিয় কথা কাটাকাটির মধ্যে এক মুক্তিযোদ্ধা ও এক ভূমি কর্মকর্তাকে মারধরের অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে।
উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের রামভদ্রপুর এলাকায় মঙ্গলবার বিকালে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়।
এ ঘটনায় রামভদ্রপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রেজা শাহ আলম মঙ্গলবার রাতে ভেদরগঞ্জ থানায় করা দুই জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় ৪/৫ জনকে আসামি করে মামলা করেছেন।
‘হামলার শিকার’ দুজন হলেন বীর মুক্তিযোদ্ধা মীর আব্দুল হাই (৭৫) এবং রামভদ্রপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রেজা শাহ আলম (৫০)।
ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, রামভদ্রপুর ইউনিয়নের ২৬ নম্বর রামভদ্রপুর মৌজায় ৩৮৯৯ ও ৩৮৩৯ নম্বর দাগে ৪০ শতাংশ জমিতে আশ্রয়ণ প্রকল্প-২ এর কাজ করার সিদ্ধান্ত হয়। সে জায়গায় স্থানীয়রা কবরস্থান বর্ধিতকরণের কাজ করছিল। এমন খবর পেয়ে মঙ্গলবার বিকালে রামভদ্রপুর ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা রেজা শাহ আলম ও বীর মুক্তিযোদ্ধা মীর আব্দুল হাই সেখানে যান।
এ সময় রামভদ্রপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তফার সঙ্গে রেজা শাহ আলম ও মীর আব্দুল হাইয়ের কথা কাটাকাটি হয় বলে ইউএনও জানান।
খবর পেয়ে তিনি (আব্দুল্লাহ আল মামুন) ও সহকারী কমিশনার (ভুমি) ইমামুল হাফিজ নাদিম সেখানে যান বলে জানান।
ইউএনও বলেন, তাদের উপস্থিতিতে রামভদ্রপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তফাসহ তার লোকজন রেজা শাহ আলম ও মীর আব্দুল হাইকে মারধর করেন।
“এ সময় মীর গোলাম মোস্তফার লোকজন অকথ্য ভাষায় প্রশাসনের লোকজনকে গালাগাল দেন।”
মামলার বরাতে রেজা শাহ আলম বলেন, বিকালে আশ্রায়ণ প্রকল্প-২ এর জমি পরিদর্শনে যান তারা। এ সময় তাকে মীর গোলাম মোস্তফা (৫৮) ও জিন্না মীর মালত (৬২) হঠাৎ লোকজন নিয়ে এসে অকথ্য ভাষায় গালাগাল করেন।
“এরপর বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই এগিয়ে গেলে তাকে ও আমাকে মারধর করা হয়।”
খবর পেয়ে ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইমামুল হাফিজ নাদিম ঘটনাস্থলে গেলে তাদের ওপরও হামলার চেষ্টা করা হয়; তবে তারা আহত হননি, বলেন শাহ আলম।
অভিযোগ অস্বীকার করে মীর গোলাম মোস্তফ বলেন, “ওই জায়গায় ১৪৪ ধারা জারি আছে। সেখানে কবরস্থান ছিল। তা প্রশাসনের লোকজন ভাংচুর করে। আমি এর প্রতিবাদ করি। আমি কোনো মারধর করেনি। সম্পূর্ন মিথ্যা।” সহকারী কমিশনার (ভুমি) ইমামুল হাফিজ নাদিম বলেন, “প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্প-২ এর জমি পরিদর্শনে গিয়ে দুজন আহত হয়েছেন। তাদের উদ্ধারে গেলে আমরাও হামলার কবলে পড়ি। সরকারি কাজে বাধা ও হামলার ঘটনায় মামলা করেছি।” ভেদরগঞ্জ থানার ওসি বাহলুল খান বাহার বলেন, হামলার ঘটনায় দুজনের নাম উল্লেখ করে এবং চার-পাঁচজনকে অজ্ঞাত আসামি করে মামলা হয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
