২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ঝিনাইদহে পারিবারিক কলহে ভ্যান চালককে পিটিয়ে হত্যা

“বিকাল থেকে রাত পর্যন্ত বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন বাটুল। পরে শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।”

ঝিনাইদহে পারিবারিক কলহে ভ্যান চালককে পিটিয়ে হত্যা
ঝিনাইদহের শৈলকুপায় ছেলেকে হারিয়ে শোকস্তব্ধ শরিফুল ইসলাম বাটুলের মা।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2024, 10:17 AM

Updated : 10 Sep 2026, 02:57 PM

ঝিনাইদহের শৈলকূপায় জমি নিয়ে পারিবারিক কলহের জের ধরে মামাতো ভাইদের পিটুনিতে এক ভ্যানচালক নিহত হওয়ার অভিযোগ উঠেছে।  

সোমবার রাতে উপজেলার শেখপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন শৈলকূপা থানার ওসি সৈয়দ শরিফুল ইসলাম চৌধুরী।

নিহত শরিফুল ইসলাম বাটুল (৪৫) ওই গ্রামের মৃত তারা সরদারের ছেলে। তিনি ভ্যান চালাতেন। বিবাহিত শরিফুলের স্ত্রী ও সন্তানরা অন্যত্র থাকেন, তিনি মায়ের সঙ্গে থাকতেন। 

ওসি শরিফুল জানান, শরিফুল ইসলাম বাটুলের সঙ্গে তার মামাতো ভাই রহিম, লিটন ও রহমানের সাথে জমিজমা নিয়ে শত্রুতা চলছিল। সোমবার বিকালে এ নিয়ে তাদের মধ্যে আবারো ঝগড়া শুরু হয়।

“এক পর্যায়ে বাটুলকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে মামাতো ভাইয়েরা। বিকাল থেকে রাত পর্যন্ত বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন বাটুল। পরে রাত ৯টার দিকে শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।”

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

ওসি আরও জানান,  এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখনো থানায় কোনো অভিযোগ করা হয়নি। শরিফুল ইসলাম বাটুলের মামাতো ভাইরা পলাতক রয়েছেন। তাদের আটকের চেষ্টা চলছে।