আখাউড়া দিয়ে ত্রিপুরা গেল ২,৮০০ কেজি ইলিশ
আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত রপ্তানিকারক প্রতিষ্ঠান ‘ফিশ বাজার’ মোট ৫০ টন ইলিশ মাছ ভারতে রপ্তানি করবে।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের ত্রিপুরায় দুই হাজার ৮০০ কেজি ইলিশ মাছ রপ্তানি হয়েছে।
আখাউড়া স্থলবন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক আতিকুল ইসলাম জানান, মঙ্গলবার বিকালে ১১২টি কার্টনে মাছগুলো ত্রিপুরায় পাঠানো হয়। প্রতি কেজি ইলিশ মাছের রপ্তানি মূল্য ১০ মার্কিন ডলার।
মাছগুলোর রপ্তানিকারক প্রতিষ্ঠান 'ফিশ বাজার' এবং আখাউড়া স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স খলিফা এন্টারপ্রাইজ মাছগুলোর কাস্টমস ক্লিয়ারিংয়ের কাজ করেছে।
খলিফা এন্টাপ্রাইজের প্রতিনিধি শাহনেওয়াজ সানু জানান, আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মোট ৫০ টন ইলিশ মাছ আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে রপ্তানি করবে ফিশ বাজার। প্রথম চালানে আজ দুই হাজার ৮০০ কেজি ইলিশ ভারতে পাঠানো হয়েছে।
ত্রিপুরার আগরতলার ব্যবসায়ী কৃষ্ণপদ রায় সে দেশে মাছগুলোর আমদানিকারক বলে জানান সানু।
