২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘লুটের’ বিপুল ‘সাদাপাথর’ ডেমরায় জব্দ

এখান থেকে অন্তত ৪০ হাজার ঘনফুট পাথর উদ্ধার সম্ভব হবে বলে জানিয়েছেন র‌্যাব কর্মকর্তা।

‘লুটের’ বিপুল ‘সাদাপাথর’ ডেমরায় জব্দ
ঢাকার ডেমরা এলাকার সারুলিয়ায় যৌথবাহিনীর অভিযানে উদ্ধার করা পাথর।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2025, 12:50 AM

Updated : 26 Aug 2026, 01:35 PM

সিলেটের কোম্পানীগঞ্জের পর্যটন কেন্দ্র ‘সাদাপাথর’ এলাকা থেকে ‘লুট’ হওয়া বিপুল পরিমাণ পাথর উদ্ধারে ঢাকার ডেমরার সারুলিয়ায় যৌথ বাহিনীর অভিযান চলছে।

এখান থেকে অন্তত ৪০ হাজার ঘনফুট পাথর উদ্ধার সম্ভব হবে বলে জানিয়েছেন ব়্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে তিনি বলেছেন, “সম্প্রতি ভোলাগঞ্জ এলাকা থেকে প্রায় ২ লাখ ঘনফুট সাদাপাথর অবৈধভাবে উত্তোলন করা হয়েছে, যার বাজারমূল্য আনুমানিক ২০০ থেকে ২৫০ কোটি টাকা। একই সময় প্রায় ৬ লাখ ঘনফুট বালুও লুট হয়েছে, যার মূল্য প্রায় ২৪০ কোটি টাকা।”

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় দয়ার বাজার, কলাবাড়ি ও ভোলাগঞ্জের ১০ নম্বর ঘাট থেকে এসব সাদাপাথর সংগ্রহ করে বিভিন্ন ক্রাশার মেশিনে পাঠানো হতো বলে জানা গেছে।

অবৈধ উত্তোলন রোধে আইনশৃঙ্খলা বাহিনী এরই মধ্যে ধারাবাহিক অভিযান শুরু করেছে। এর অংশ হিসেবে র‌্যাব-১১ নারায়ণগঞ্জ, জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর বৃহস্পতিবার সন্ধ্যায় ডেমরার সারুলিয়ায় বিপুল পরিমাণ আস্ত ও ভেঙে ফেলা পাথর উদ্ধারে অভিযান শুরু করে।

ঘটনাস্থলে এক ব্রিফিংয়ে এইচএম সাজ্জাদ বলেন, “লুট হওয়া পাথরগুলো কোথায় আনলোড করা হয় তা জানতে গোয়েন্দা কার্যক্রম শুরু করি এবং এখানে (সারুলিয়া) কয়েকটা গদিতে ভোলাগঞ্জের সাদাপাথর আমরা দেখতে পাই। 

“অন্তত সাতটা গদিতে এ ধরনের পাথর আমরা পাই। শীতলক্ষ্যার তীরে গড়ে ওঠা গদিগুলোতে একদিকে পাথর আনলোড করা হচ্ছে, অন্যদিকে ক্রাশার মেশিন দিয়ে ভেঙে ফেলা হচ্ছিল। যাতে পাথরগুলো যে ভোলাগঞ্জের তা যেন বোঝা না যায়।”

তবে, এই পাথর লুট এবং মজুদের সঙ্গে সংশ্লিষ্ট কাউকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা যায়নি বলে জানান এ কর্মকর্তা।

এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত অভিযান চলমান ছিল।

কোম্পানীগঞ্জ সীমান্তবর্তী ধলাই নদীর উৎসমুখে ‘জল-নুড়ি-পাথর’ জমে প্রাকৃতিকভাবে তৈরি হওয়া অপরূপ সৌন্দর্যের পর্যটনকেন্দ্র ‘সাদাপাথর’ লোভীদের থাবায় ক্ষতবিক্ষত হতে হতে এভাবেই যেন শেষ হয়ে গেছে। প্রশাসনের নাকের ডগায় দিনে-রাতে লুটে নেওয়া হয়েছে শত শত কোটি টাকার খনিজ সম্পদ।

অভিযানের বিষয়ে ব্রিফ করছেন র‌্যাব কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন।

অভিযানের বিষয়ে ব্রিফ করছেন র‌্যাব কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন।

স্থানীয়দের অভিযোগ, লুটেরাদের সঙ্গে স্থানীয় রাজনীতিবিদ, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ‘অসৎ’ লোকজন জড়িত। অনেক আপত্তি-অভিযোগ, সংবাদ প্রকাশ করেও কোনো ফল হয়নি।

এ নিয়ে সাম্প্রতিক সময়ে খবর প্রকাশ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার মধ্যে নড়েচড়ে বসেছে প্রশাসন।

সাদাপাথর নিয়ে হৈ চৈ এর মধ্যে লুট হওয়া সব পাথর উদ্ধার করে এ এলাকাকে আগের চেহারায় নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।

আরও পড়ুন:

'সাদাপাথর': লুটের পাথর মাটি দিয়ে ঢাকছেন ব্যবসায়ীরা

লুট হওয়া ১২ হাজার ঘনফুট পাথর উদ্ধার, ফেলা হয়েছে 'সাদাপাথরে'

লুটের পাথর এক সপ্তাহের মধ্যে উদ্ধারের নির্দেশ

লুটপাটে 'সাদাপাথর' এখন ধু ধু বালুচর

'সাদাপাথরে' লুটপাট: ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার