এক সপ্তাহ ধরে পানিবন্দি চাঁদপুরের লক্ষাধিক বাসিন্দা
“কেউ কেউ উঁচু জায়গায় আত্মীয়-স্বজনের বাড়িতে উঠলেও অনেকেই পানির সঙ্গে বসবাস করছেন।”
ফেনী, নোয়াখালী ও কুমিল্লার বানের পানি চাপে চাঁদপুরের শাহরাস্তি ও কচুয়া উপজেলার বিস্তীর্ণ এলাকা তলিয়ে গেছে। এ দুই উপজেলার লক্ষাধিক বাসিন্দা এক সপ্তাহের বেশি সময় ধরে পানিবন্দি অবস্থায় আছেন।
ঘরবাড়ির পাশাপাশি বানের পানিতে তলিয়ে গেছে রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান ও ফসলি জমি। বিশেষ করে গবাদিপশু ও হাঁস মুরগি নিয়ে চরম বিপাকে পড়েছেন বানভাসিরা।
বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত কচুয়া উপজেলার আশরাফুর ইউনিয়নের ভবানিপুর, সানন্দকড়া, রসুলপুর, পিপলকরা গ্রাম এবং শাহারাস্তি উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়নের উনকিলা, রায়শ্রী, সন্ডিপাড়া দাদিয়া পাড়া ও দক্ষিণ পাড়া ঘুরে এমন চিত্র দেখা গেছে।
এসব এলাকায় বিভিন্ন রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন কিছু সহায়তা দিলেও রান্না করে খাওয়ার পরিস্থিতি নেই। বন্যার শুরুতে পানিবন্দি লোকজন কিছু শুকনো খাবার পেলেও এখন খাবার ও বিশুদ্ধ পানির সংকট প্রকট হয়েছে।
১০ দিন ধরে বানের পানিতে তলিয়ে আছে পিপলকরা গ্রামের দুলাল মিয়ার বাড়িঘর। তিনি জানান, তাদের গ্রামের বহু বাড়িঘর পানির নিচে। গোয়ালঘর, টয়লেট এবং রান্নাঘরে পানি ওঠায় চরম সংকটে পড়েছেন তারা।
কেউ কেউ উঁচু জায়গায় আত্মীয়-স্বজনের বাড়িতে উঠলেও অনেকেই এখন পর্যন্ত পানির সঙ্গে বসবাস করছেন বলে জানান তিনি।
রাজশ্রী গ্রামের আনা মিয়া জানান, তার বসতঘরটি এক সপ্তাহ ধরে পানির নিচে। পরিবার নিয়ে তিনি স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নিলেও গবাদিপশু নিয়ে চরম বিপাকে পড়েছেন। এখন পর্যন্ত তাদের এলাকায় কোনো ধরনের সহায়তা পৌঁছায়নি।
বানের পানিতে রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় ইউনিয়নের প্রধান সড়ক থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন রায়শ্রী উত্তর ইউনিয়নের দাদিয়া পাড়ার বাসিন্দারা।
শাহনাজ ও ফারহানা জানান, তাদের গ্রামের প্রত্যেকটি ঘরে হাঁটু সমান পানি। রান্না করার পরিস্থিতি নেই। খুবি অসহায় অবস্থায় দিন কাটছে তাদের।
স্থানীয় মাদরাসা শিক্ষক আশিকুর রহমান জানান, তাদের এলাকার কিছু লোক সহযোগিতা নিয়ে এসেছে। সামর্থ্য অনুযায়ী বানভাসিদের সহযোগিতার চেষ্টা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে সরকারি ও বেসরকারিভাবে সহযোগিতা বাড়ানোর আবেদন করেছেন তিনি।
শাহারাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইয়াসির আরাফাত জানান, বানের পানিতে এ পর্যন্ত ৫৫ হাজারের বেশি মানুষ পানিবন্দি অবস্থায় আছেন। তাদের মধ্যে সাড়ে তিন হাজার মানুষকে আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে।
আশ্রয়কেন্দ্রে সরকারিভাবে শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে; এ ছাড়া বিভিন্ন সংগঠনও সহায়তায় এগিয়ে এসেছে বলে জানান তিনি।
কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এহসান মুরাদ জানান, ইতোমধ্যে পানিবন্দি এলাকায় বেশকিছু লোকজন আশ্রয়কেন্দ্রে উঠেছে। সেখানে তাদের জন্য শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে।
