২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারা কখনো ‘জেল সুপার’ কখনো ‘থানার এসআই’

চক্রটি দীর্ঘদিন ধরে পাবনায় এ ধরনের প্রতারণা করে আসছে বলে র‌্যাব জানায়।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2024, 09:17 PM

Updated : 25 Feb 2024, 09:17 PM

কখনো জেল সুপার, কখনো পুলিশের এসআই পরিচয়ে প্রতারণা করে আসা দুই যুবককে পাবনায় গ্রেপ্তার করেছে র‌্যাব।

রোববার বেলা সাড়ে ১১টায় র‌্যাব পাবনা ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে ওই দুজনকে গ্রেপ্তারের বিষয়টিসহ ঘটনার বিস্তারিত জানান, র‌্যাব-১২ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর মো. এহতেশামুল হক খান।

গ্রেপ্তাররা হলেন, পাবনার চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের বোঁথড় গ্রামের আহাদের মোড় এলাকার মো. মামুন হোসেন (৩০), একই এলাকার মো. ইমরান হোসেন (২৮) গ্রেপ্তার করেন।

অভিযোগকারী বলেন, “আমরা বাবা একটি মামলায় অনেক দিন ধরে পাবনা জেলহাজতে আছেন। হঠাৎ একটি ফোন নম্বর থেকে কল দিয়ে পাবনা জেল সুপার পরিচয় দিয়ে আমাকে বলেন- ২১ শে ফেব্রুয়ারি উপলক্ষে আমার বাবার জামিন ও মামলা নিষ্পত্তি করা হবে। এক ঘণ্টা পর প্রতারকরা আবার কল দিয়ে ২৫ হাজার টাকার দাবি করেন।

“পরে আমি ২২ হাজার টাকা দিলে আমাকে বলেন, বিকাল ৫টায় জেল গেইট এসে আমার বাবাকে নিয়ে যেতে।”

আবারও কল দিয়ে নানা কথা বলে ‘প্রতারকরা’ তার কাছ থেকে ১ লাখ ৭ হাজার ৩০০ টাকা নেয় দাবি করে তিনি বলেন, “পরে বিষয়টি আমার কাছে সন্দেহজনক হলে আমি পাবনা র‌্যাব-১২ এর কাছে লিখিত অভিযোগ করি।”

কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খান সংবাদ সম্মেলনে জানান, দেশের বিভিন্ন এলাকার আদালত প্রাঙ্গণে উদ্বেগ-উৎকণ্ঠা নিয়ে আসামিদের আত্মীয়-স্বজনেরা অপেক্ষা করেন। কেউ জামিনের জন্য, আবার কেউ অপেক্ষা করেন কারাগার থেকে আদালতে হাজিরা দিতে আসা স্বজনদের এক নজর দেখার জন্য। এ ধরনের ব্যক্তিদের টার্গেট করে প্রতারক চক্র।

কখনো জেল সুপার, কখনো জেলা পুলিশ, কখনো বা আইনজীবী পরিচয়ে আসামিদের আত্মীয়-স্বজনের মোবাইল নম্বরে ফোন করে সহযোগিতা আশ্বাস দেয় চক্রটি। জামিন ও মামলার নিষ্পত্তির কথা বলে হাতিয়ে নেয় লাখ লাখ টাকা। 

এমন একটি ঘটনায় প্রতারণার স্বীকার হয়ে সম্প্রতি একজন র‌্যাবের কাছে লিখিত অভিযোগ করলে মাঠে নামে র‌্যাব।

এরই ধারাবাহিকতায় গত শনিবার অভিযান চালিয়ে ওই চক্রের হোতা মামুন ও তার সহযোগী ইমরান হোসেনকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ওই প্রতারণার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে দাবি র‌্যাবের।