জাবিতে তৃতীয় প্রশাসনিক ভবন নির্মাণের ‘পাঁয়তারা’ বন্ধের দাবিতে বিক্ষোভ
তৃতীয় প্রশাসনিক ভবন নির্মাণের ‘পাঁয়তারা’ বন্ধের পাশাপাশি দ্রুত মাস্টার প্ল্যান প্রণয়নের দাবিও জানান বিক্ষোভকারীরা।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তৃতীয় প্রশাসনিক ভবন নির্মাণের ‘পাঁয়তারা’ বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন একদল শিক্ষার্থী।
বুধবার বেলা ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে মিছিলটি বের করেন তারা।
মিছিলটি কয়েকটি সড়ক ঘুরে সমাজবিজ্ঞান অনুষদ এলাকায় (নতুন তৃতীয় প্রশাসনিক ভবন নির্মাণের জন্য নির্ধারিত স্থান) গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষার্থীরা।
এ সময় ওই ভবন নির্মাণের ‘পাঁয়তারা’ বন্ধের পাশাপাশি দ্রুত মাস্টার প্ল্যান প্রণয়নের দাবিও জানান বিক্ষোভকারীরা।
সমাবেশে ছাত্রফ্রন্ট বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক কনোজ কান্তি রায় বলেন, “সাড়ে ১৪শ কোটি টাকার প্রকল্পের দুর্নীতির কথা আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি। অধিকতর উন্নয়ন প্রকল্পের টাকায় জাবি প্রশাসন ইচ্ছেমত যেখানে-সেখানে গাছ কেটে অপরিকল্পিতভাবে ভবন নির্মাণ করে বিশ্ববিদ্যালয়ের প্রাণ-প্রকৃতি ধ্বংস করছে।
তিনি বলেন, “এই প্রশাসন কিছুদিন আগে ‘টারজান পয়েন্ট’ এলাকায় নতুন ভবন নির্মাণের অযুহাতে অসংখ্য গাছ কেটে ফেলে। আমরা এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিলাম। এই প্রশাসন এখন আবার পাঁয়তারা করছে, যেখানকার গাছ কাটা হয়েছিল সেখানে গাছ লাগিয়ে এর পাশে নতুন প্রশাসনিক ভবন নির্মাণ করার। এ থেকে স্পষ্ট বোঝা যায়, প্রশাসন স্বেচ্ছাচারিতা করছে।”
কনোজ কান্তি রায় আরও বলেন, “তৃতীয় প্রশাসনিক ভবনের জন্য ১৩৭ কোটি টাকা নতুন করে অপচয়ের পাঁয়তারা ভালো হবে না। আমরা আমাদের শেষ রক্ত দিয়ে অপ্রয়োজনীয় ভবন তৈরি করতে বাধা দিব।”
বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়ন সংসদের সাংস্কৃতিক সম্পাদক আশফার রহমান নবীন বলেন, “প্রশাসন বলেছে, গাছ কেটে গাছ লাগাবে। কিন্তু কোথায় কতটি গাছ লাগাবে সেই পরিকল্পনাটি দেখাতে বললে তারা দেখাতে পারেনি। জাহাঙ্গীরনগর থেকে প্রগতিশীলতা ও সাংস্কৃতিক চর্চা নষ্ট করতে তারা গাছ কেটে ইট-পাথরের জঞ্জালে পরিণত করতে চাইছে।
প্রশাসন প্রযুক্তিভিত্তিক উন্নয়ন না করে শুধু ভবন নির্মাণ করতে চায় বলে অভিযোগ আশফার নবীনের।
বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী তাপসী দে প্রাপ্তি বলেন, “মাস্টার প্ল্যান প্রণয়ন করে পরিকল্পিতভাবে প্রশাসন কেন নতুন ভবন নির্মাণ করছে না, সেই প্রশ্নটি এখন বিশ্ববিদ্যালয়ের সব অংশীজনদের পক্ষ থেকে করা জরুরি।
“প্রশাসন বরাবরই উন্নয়নের কথা বলে; উন্নয়ন আমরাও চাই কিন্তু সেটি হতে হবে পরিকল্পিত। আমরা দেখেছি, উন্নয়ন প্রকল্পের আওতায় ছেলেদের একটি এবং মেয়েদের একটি হল চালু করা হয়েছে। কিন্তু সেখানে পড়াশোনার কোনো পরিবেশ নিশ্চিত করা হয়নি। নতুন হলগুলোর ডাইনিং-ক্যান্টিনে খাবারের মান নিশ্চিত করা হয়নি।”
তার দাবি, বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রাণ-প্রকৃতি রক্ষা করেই হোক।
সংক্ষিপ্ত সমাবেশে আরও বক্তব্য দেন ছাত্রফ্রন্ট (মার্ক্সবাদী) সজিব আহমেদ ও জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সাদমান অলীক।
