নওগাঁ সীমান্তে ‘চোরাকারবারিদের হামলায়’ বিজিবি সদস্যসহ আহত ২
এ ঘটনার পর ওই এলাকায় বিজিবি মোতায়নের পাশাপাশি হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানায় বিজিবি।
নওগাঁর ধামইরহাট সীমান্তে ‘চোরাকারবারিদের ছুরিকাঘাতে’ বিজিবি সদস্যসহ দুইজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
শুক্রবার ভোরে উপজেলার বস্তাবর-ভারতীয় সীমান্তের শাখাহাটি বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে বিজিবি-১৪ (পত্নীতলা) ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাদিম আরেফিন জানান।
আহত বিজিবির বস্তাবর ক্যাম্পের নায়েক সুবেদার মজিবর হোসেনকে (৫০) উন্নত চিকিৎসার জন্য শুক্রবার সকালে হেলিকপ্টারে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। এ ছাড়া বিজিবির সোর্স তারেক হোসেনকে (৩২) পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়ার পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) পাঠানো হয়।
এ ঘটনার পর ওই এলাকায় বিজিবি মোতায়নের পাশাপাশি হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানায় বিজিবি।
ধামইরহাট থানা পুলিশ এবং পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আফতাব উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
লেফটেন্যান্ট কর্নেল নাদিম আরেফিন জানান, শুক্রবার ভোরে একদল চোরাকারবারি ভারত থেকে অবৈধ মালামাল নিয়ে এসেছে, এমন তথ্য পান ওই ক্যাম্পের ইনচার্জ নায়েক সুবেদার মজিবর হোসেন। এ সময় মজিবর তার টহলদল নিয়ে ওই সীমান্তে অভিযানে যান; বিজিবি সদস্যরা চোরাকারবারিদের আটকের চেষ্টা চালান। এ সময় চোরাকারবারিরা ধারালো অস্ত্র দিয়ে বিজিবি সদস্যদের ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে সুবেদার মজিবর হোসেন ও সোর্স তারেক আহত হন।
অতিরিক্ত পুলিশ সুপার আফতাব উদ্দিন জানান, ঘটনাস্থল পরিদর্শন শেষে প্রাথমিক তদন্তে চোরাকারবারিদের অস্ত্রের আঘাতে বিজিবি সদস্যসহ দুইজন আহত হন বলে প্রতীয়মান হয়েছে। থানায় মামলা দায়ের করা হলে আসামিদের দ্রুত গ্রেপ্তার করা হবে।
