২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলাচলে খাদে মিলল পর্যটকের লাশ, হোটেলে চিরকুট

মারুফের মুখে ফেনা ও বিষের গন্ধ পাওয়া গেছে বলে জানায় পুলিশ।

নীলাচলে খাদে মিলল পর্যটকের লাশ, হোটেলে চিরকুট

বান্দরবানের নীলাচলে একটি পাহাড়ের খাদ থেকে পর্যটকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2023, 07:24 PM

Updated : 27 Aug 2023, 07:24 PM

বান্দরবানের নীলাচলে পাহাড়ের খাদ থেকে এক পর্যটক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স।

রোববার দুপুর সাড়ে ৩টার দিকে নীলাচল পর্যটন স্পটের সুইং এন থ্রিল (পাহাড়ের খাদের পাশে দোলনার অংশ) এলাকায় একটি খাদে মরদেহটি পাওয়া যায় বলে জানান বান্দরবান ফায়ার সার্ভিসের উপ-পরিচালক পূর্ণচন্দ্র মুৎসুদ্দী।

নিহত মো. মারুফ হোসাইন (২৫) গাজীপুর জেলার বাসিন্দা।

নীলাচল পর্যটন এলাকায় নীলাম্বরি রিসোর্টের মালিক সাইদুল ইসলাম বলেন, মারুফ হোসাইন শনিবার ১ নম্বর কক্ষটি ভাড়া নেন। নিয়ম অনুযায়ী, রোববার দুপুর ১২টার মধ্যে কক্ষ ছেড়ে দিতে হয়। কিন্তু তিনি কক্ষ ছাড়েননি। তাকে কক্ষে গিয়েও পাওয়া যায়নি। পরে রিসোর্টের চারপাশে খোঁজাখুজি শুরু করা হয়।

তিনি আরও বলেন, “পরে সুইং এন থ্রিল পয়েন্টে পাহাড়ের খাদে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন এসে মরদেহটি উদ্ধার করে।"

বান্দরবান ফায়ার সার্ভিসের উপ-পরিচালক পূর্ণচন্দ্র মুৎসুদ্দী বলেন, “পর্যটক নিহতের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় ৩০০ ফুট নীচে পাহাড়ের খাদ থেকে মরদেহ উদ্ধার করে।”

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী সাংবাদিকদের বলেন, “মরদেহের মুখে ফেনা ও বিষের গন্ধ পাওয়া গেছে। তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

তিনি আরও বলেন, “তার ব্যবহৃত কক্ষে একটি চিরকুট পাওয়া গেছে। তাতে লেখা ছিল- তার মরদেহ খুঁজে পাওয়া গেলে যেন বান্দরবানেই কবর দেওয়া হয়।”

এ ছাড়া ব্যবহৃত মোবাইলটি বিক্রি করে কবর দেওয়ার খরচ যেন বহন করা হয় সেটাও চিরকুটে উল্লেখ করা ছিল বলে জানান পুলিশের এই কর্মকর্তা।